রিফাত ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধি।। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব।
বুধবার(২’রা সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা (১) অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক (অবসরপ্রাপ্ত) ড. এ কিউ এম মাহবুবকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে ৪ বছর মেয়াদে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, তিনি (অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব) বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কমকর্তা হিসেবে ক্যাম্পাসে সব সময় অবস্থান করবেন। তবে মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর মনে করলে নির্ধারিত সময় শেষ হওয়ার আগে তার এ নিয়োগ বাতিল করতে পারবেন। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন তৎকালীন ভিসি অধ্যাপক ড. খোন্দকার নাসিরউদ্দিন। এরপর ৭’ই অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইটিই) বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহানকে ভারপ্রাপ্ত ভিসি হিসেবে দায়িত্ব দেওয়া দিয়েছিল সরকার। এ ঘটনার ১১ মাস পর স্থায়ী ভিসি পেল বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
বশেমুরবিপ্রবি নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























