চলতি বছরের পাঠ্যবই নিয়ে ব্যাপক বিতর্কের পরেও বইয়ের বিষয়বস্তুতে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই জাতীয় পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবির। শিক্ষামন্ত্রণালয় ও এনসিটিবির তদন্ত প্রতিবেদনে বইয়ের বিষয়বস্তু পরিবর্তনের সুপারিশ করা হয়নি। শুধু বানান ভুল সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।

এবার স্কুল শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেয়ার পরই বইয়ে বানানগত ভুলসহ বিভিন্ন দিক নিয়ে তৈরি হয় বিতর্ক। অভিযোগ ওঠে, হেফাজতে ইসলামের দাবির মুখে অনেক লেখা পাঠ্যবই থেকে বাদ দেয়া হয়েছে। এরপরেই শিক্ষামন্ত্রণালয় ও এনসিটিবি থেকে তদন্ত কমিটি করা হয়। গত মাসের শেষদিকে প্রতিবেদন দিয়েছে এই দুই তদন্ত কমিটি। তবে কোনো প্রতিবেদনেই পাঠ্যবইয়ের বিষয়বস্তু পরিবর্তনের সুপারিশ করা হয়নি। শুধু বানানগত ভুল সংশোধনের তাগিদ দেয়া হয়েছে।

এনসিটিবি বলছে, হেফাজতের সুপারিশে অনেক লেখকের লেখা বাদ দেয়ার অভিযোগের কোনো ভিত্তি নেই। শিক্ষার্থীদের প্রয়োজন অনুযায়ী এ বছরের পাঠ্যসূচিতে পরিবর্তনের দাবি করছে তারা। এদিকে পাঠ্যবই সংক্রান্ত এনসিটিবির বিশেষজ্ঞ কমিটির সদস্যরা বলছেন, এবার পাঠ্যবইয়ে যেসব ভুল রয়েছে সেগুলো চিহ্নিত করে সংশোধনের উদ্যোগ শিগগিরই নেবেন তারা। কমিটিক কয়েক সদস্য বইয়ের বিষয়বস্তুরও পুনর্বিন্যাসের পক্ষে।

শিক্ষা মন্ত্রণালয়ের তদন্তে বানান ভুলের জন্য তিনজনকে অভিযুক্ত করা হয়েছে যাদের বিরুদ্ধে এরই মধ্যে সাময়িক ব্যবস্থা নিয়েছে এনসিটিবি।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে