রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, অর্জিত জ্ঞান, দক্ষতা ও নিজেদের সামর্থ্য কাজে লাগিয়ে টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করতে হবে।বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের সালনায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।রাষ্ট্রপতি বলেন, কৃষি ও এর উৎসকে ভুলে গেলে চলবে না। দেশের কৃষি ক্ষেত্রে নতুন বিপ্লব নিশ্চিত করার জন্য টেকসই পদ্ধতি ও প্রযুক্তি উদ্ভাবনে অঙ্গীকার রাখতে হবে।’
তিনি আলু, টমেটো আম, লিচু ও অন্যান্য মৌসুমী ফল ও ফসল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে তাদের পাশে থাকা এবং ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করতেও সংশিষ্টদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান এবং ধন্যবাদ জ্ঞাপন করেন ট্রেজারার প্রফেসর ড. ইসমাইল হোসেন মিঞা। অনুষ্ঠানে এক হাজার ৩১৩ জন শিক্ষার্থীকে ডিগ্রি ও সনদপত্র প্রদান করা হয়। উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে ক্রেস্ট উপহার দেন। সমাবর্তন উপলক্ষে বিশ্ববিদ্যালয়কে সাজানো হয় বর্নিল সাজে। বেলা আড়াইটার দিকে রাষ্ট্রপতি হেলিকপ্টার যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে পৌছাঁলে উপাচার্যসহ অন্যরা তাকে স্বাগত জানান।
অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কৃষিবিদ ও সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরন প্রমুখ উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক, বিডি টাইমস নিউজ


























