তুরস্কের ৩টি বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পাদিত দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা এক্সচেঞ্জ প্রোগ্রামে ইবি’র বিভিন্ন বিভাগের ৫৫জন শিক্ষক এবং ৮৯ জন শিক্ষার্থী উচ্চশিক্ষার সুযোগ পাবেন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে তুরস্কের ইগদির, চানকিরি কারাতেকিন ও কাফকাস ৩টি বিশ্ববিদ্যালয়ের সম্পাদিত দ্বিপাক্ষিক শিক্ষা ও গবেষণা চুক্তির আওতায় তুরস্কের ৩টি বিশ্ববিদ্যালয়ে মেভলোনা এক্সচেঞ্জ প্রটোকল এর আওতায় উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্চশিক্ষা এবং পিএইচডি গবেষণা সম্পন্ন করতে পারবেন।

তুরস্কের ইগদির, চানকিরি কারাতেকিন ও কাফকাস বিশ্ববিদ্যালয়ে সাথে সম্পাদিত চুক্তি (এমওইউ) আওতায় এই প্রথম ৫৫জন শিক্ষার্থী উচ্চশিক্ষা এবং ৮৯ জন শিক্ষক পিএইচডি গবেষণা সম্পন্ন করতে পারবেন। এ বিষয়ক এক মতবিনিময় সভা সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনভবনের ৩য় তলার সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের উদ্যোগে বিভিন্ন বিভাগের সভাপতির উপস্থিতিতে অনুষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের পরিচালক প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ হারুন উর রশিদ আসকারী, প্রো- ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান ও ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা বক্তব্য রাখেন।

এক্সচেঞ্জ প্রোগ্রাামের আওতায় ইংরেজি, বিজনেস স্টাডিজ, ম্যানেজমেন্ট সায়েন্স, ম্যাথমেটিকস্, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, পলিটিক্যাল সায়েন্স, ফাইন আর্টস, মার্কেটিং, ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্ট, ফুড সায়েন্স এন্ড টেকনোলজি এবং ইনভারমেন্টাল সায়েন্স এন্ড জিওগ্রাফিসহ মোট ২০টি বিভাগে ডিপ্লোমা, অনার্স, মাস্টার্স ও পি.এইচ.ডি প্রোগ্রামে শিক্ষক ও শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারবেন। এক্সচেঞ্জ বিষয়ক মতবিনিময় সভায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সভাপতি প্রফেসর ড. মোঃ জাকারিয়া রহমান, আইআইইআর পরিচালক প্রফেসর ড. মোহাঃ মেহের আলী এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল ইঞ্জিনিয়ারিং বিভাগে প্রফেসর ড. মোঃ আতিকুর রহমানসহ বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে এর আগে ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পাদিত ৫ বছর মেয়াদী চুক্তির ফলে এই প্রথম তুরস্কের স্বনামধন্য তিনটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার সুযোগ পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ৫৫জন শিক্ষক এবং ৮৯ জন শিক্ষার্থী। পৃথক এই তিনটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য ইবির বিভাগীয় সভাপতি কর্তৃক মনোনীতরাই আবেদন করতে পারবেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ডিভিশনের মাধ্যমে তাদের তালিকা চূড়ান্ত করবে তুরস্কের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলো। উল্লেখ্য, তুরস্কের এ তিনটি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা এবং গবেষণা সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যাদি ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও তুরস্কের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালগুলোর ওয়েবসাইটেও পাওয়া যাবে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে