ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাকার্যক্রম বুধবার থেকে শুরু হচ্ছে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত ইউনিভার্সিটির শিক্ষাকার্যক্রমের উদ্বোধন করবেন। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন কর্তৃক অনুমোদিত উক্ত ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা উপমন্ত্রী ব্যরিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি।

ব্রাহ্মণবাড়িয়া শহরের বাইপাস রোডের পার্শ্বে দাতিয়ারা নামক এলাকায় স্থাপন করা হয়েছে এ নতুন ইউনিভার্সিটির ক্যাম্পাস । শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার দুপুরে নিজস্ব মিলনায়তনে জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সভায় বক্তব্য রাখেন, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জাতীয় সংসদ সদস্য র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সাবেক মহাপরিচলিক প্রফেসর ফাহিমা খাতুন, ইউনিভার্সিটি কর্তৃপক্ষের লোকজন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার চেয়ারম্যান মোকতাদির চৌধুরী এমপি ব্রাহ্মণবাড়িয়ায় ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা তুলে ধরে বলেন, ব্রাহ্মণবাড়িয়ার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবী ছিল একটি বিশ্ববিদ্যালয়। এর মাধ্যমে এই জেলার শিক্ষার মান আরো উন্নত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গতকাল বিকালে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেসরকারী বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষাকার্যক্রম উদ্বোধন করার কথা থাকলে ও রাষ্টীয় কাজের কারনে তিনি আসতে পারেননি। তার স্থলে প্রধান অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।তিনি বলেন, দেশের প্রতিটি জেলায় সরকারি-বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে ।  বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বেসরকারি বিশ্ববিদ্যালয় ‘ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া’র শিক্ষা কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

উপমন্ত্রী নওফেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বাস করেন সুষম উন্নয়নে। শুধুমাত্র কয়েকটি শহরকেন্দ্রিক উচ্চবিত্তের উন্নয়ন হবে সেই উন্নয়নে শেখ হাসিনার সরকার বিশ্বাস করেন না। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন দেশের প্রত্যেকটি জেলাতে সরকারি-বেসরকারি উদ্যোগে বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে।

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আহ্বান রেখে উপমন্ত্রী নওফেল আরও বলেন, উচ্চ শিক্ষা নেয়ার পাশাপাশি আনুষাঙ্গিক যে কোনো ধরনের প্রশিক্ষণ ও সম্পূরক পড়াশোনা থেকে যেন আমরা বিচ্যুত না হই। শুধুমাত্র শ্রেণিকক্ষের উচ্চ শিক্ষা দিয়ে কর্মসংস্থান উপযোগী সন্তান আমরা পাব না। উচ্চ শিক্ষার পাশাপাশি আনুষাঙ্গিক প্রশিক্ষণের মাধ্যমে পৃথিবীর যে কোনো জায়গায় কর্মসংস্থানের জন্য নিয়োজিত করতে পারব।

ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইজিসি) সদস্য ড. সাজ্জাদ হোসেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা রুবিনা আক্তার মীরা, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রাস্টি বোর্ডের সদস্য ড. দেলোয়ার হোসেন ও ট্রেজারার অধ্যাপিকা ফাহিমা খাতুন প্রমুখ। এর আগে বেলুন উড়িয়ে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার শিক্ষা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে