নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সভা আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২০) বিকেলে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিছ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন নোবিপ্রবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম।
অন্যদের মাঝে আরো বক্তব্য রাখেন নোবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ আবুল হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক উকিল হলের প্রভোস্ট ড. ফিরোজ আহমেদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমি, বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, সহকারী অধ্যাপক শুভেন্দু সাহা, অফিসার্স এসোসিয়েশনের সভাপতি সাখাওয়াত হোসেন ও সেকশন অফিসার মেহেদি হাসান নিশান প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন নোবিপ্রবি বিভিন্ন অনুষদসমূহের ডিন, ইনস্টিটিউটসমূহের পরিচালক, বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দ, হলের প্রভোস্টবৃন্দ, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তৃতায় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির জীবনে গভীর প্রভাব ফেলেছে। ভাষা আন্দোলনের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের স্বপ্ন বুনেছিলেন এবং এরই প্রেক্ষিতে ১৯৭২ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্যদিয়ে আমরা এদেশ পেয়েছি।
প্রসঙ্গত, ২১ ফেব্রুয়ারি ২০২০ সকালে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শোকর্যালি অনুষ্ঠিত হয় ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। শহীদ মিনারে প্রথমে নোবিপ্রবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। পরে নোবিপ্রবি বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, হল, বিভাগ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী প্রতিনিধি এর পক্ষ থেকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়।
এর আগে ২১ ফেব্রুয়ারি ২০২০ এর প্রথম প্রহর রাত ১২.০১ মিনিটে মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার-উল-আলম শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























