নিউজ ডেস্কঃ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি, ২০২০) দিবসের প্রথম প্রহর রাত ১২:০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার-এ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও এর পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান।

সকাল ৯টায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ব্যাজ ধারণ ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণের মধ্যদিয়ে দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর একুশের প্রভাতফেরিতে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ ও দপ্তরের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ পুরো বিশ্ববিদ্যালয় পরিবার নিজ নিজ ব্যানারসহ অংশ নেয়। প্রভাতফেরিটি মর্ডাণ মোড় প্রদক্ষিন করে ক্যাম্পাসে ফিরে আসে। এরপর মহান ভাষা আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনার-এ বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর এর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগ, হল, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় শ্রেণি কর্মচারী ইউনিয়ন, কর্মচারী ইউনিয়ন, ড. ওয়াজেদ রিসার্চ এন্ড ট্রেনিং ইনস্টিটিউট, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (বেরোবিসাস), বেরোবি উইমেন পিস ক্যাফেসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

সকালে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় আলোচনা সভার আয়োজন করা হয়। কলা অনুষদের ডিন এবং মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২০ উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ ও হিসাব বিভাগের পরিচালক প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মোঃ আতিউর রহমান এবং প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ড. মোঃ মিজানুর রহমান। ইতিহাস ও প্রত্নতত্ত বিভাগের প্রভাষক মোঃ সোহাগ আলী’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল এর পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, সংস্থাপন শাখার অতিরিক্ত-রেজিস্ট্রার কৃষিবিদ খন্দকার গোলাম মোস্তফা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ সামসুল হক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহিমুন্নাহার এবং সাখাওয়াত। বক্তারা তাঁদের বক্তব্যে বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান ভাষা আন্দোলনে শহীদদের অম্লান স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাংলাদেশসহ সারাবিশ্বে যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদ্যাপিত হচ্ছে। দিবসটি বিশ্বের সব জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি রক্ষায় ঐক্য ও বিজয়ের প্রতীক এ পরিনত হয়েছে। মাতৃভাষার মর্যাদা সমুন্নত রেখে অন্য ভাষার দক্ষতা অর্জন এবং ব্যবহার করা, মাতৃভাষা চর্চায় সকলের একসাথে কাজ করা উচিত বলেও উল্লেখ করেন বক্তারা।

এছাড়াও বাদ জুমা কেন্দ্রীয় মসজিদে মহান ভাষা আন্দোলনের শহীদদের আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়। এদিকে বেরোবি উইমেন পিস ক্যাফের সকল মেন্টর এবং সদস্যদের অংশগ্রহণে পৃথকভাবে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর কর্মসূচি পালন করা হয়। এর আগে দিবসটি উদ্যাপন উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে