খালেদ মুহিউদ্দীন প্রশ্ন করতে চান। প্রশ্ন করাটা তার পছন্দের জায়গা। খালেদ মুহিউদ্দীনের এসব প্রশ্ন নিয়ে জার্মানির পাবলিক ইন্টারন্যাশনাল ব্রডকাস্টার ডয়চে ভেলে থেকে শুরু হতে যাচ্ছে ইউটিউবভিত্তিক লাইভ টকশো- ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন প্রতিষ্ঠানটির বাংলা টিমের প্রধান খালেদ মুহিউদ্দীন। বুধবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সাংবাদিক খালেদ মুহিউদ্দীন নিজে।

সংবাদ সম্মেলনে খালেদ মুহিউদ্দীন জানান, এই টকশো মূলত বাংলাদেশের রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন সমস্যার ওপর ভিত্তি করে পরিচালিত হবে। ডয়েচে ভেলেতে এর আগে এরকম অনুষ্ঠান হয়নি, এটাই হবে ডয়েচে ভেলের প্রথম টকশো।

২৮’শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান প্রচারিত হবে প্রতি শুক্রবার। জার্মানির বনে প্রতিষ্ঠানটির সদর দফতরের স্টুডিও থেকে তা সরাসরি সম্প্রচার করা হবে। প্রথমে ঢাকা থেকে এবং পরবর্তী সময়ে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অতিথিদের সম্পৃক্ত করা হবে। এই উদ্যোগকে সফল করতে সবার সহযোগিতা চান খালেদ মুহিউদ্দীন।

ডয়চে ভেলের এশিয়ার প্রধান দেবারতি গুহ বলেন, তাদের ইউটিউব চ্যানেলে সাধারণতভাবে বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান প্রচারিত হয়। এবার নতুন ইউটিউব চ্যানেলে ‘খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ অনুষ্ঠানটি প্রচার করা হবে। মানবাধিকার এবং বাক-স্বাধীনতা নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে ডয়চে ভেলে। শুধু দক্ষিণ এশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশেও মাথাচাড়া দিয়ে উঠছে উগ্রপন্থা, সেইসাথে আছে সরকারি নিষেধাজ্ঞা। বাক-স্বাধীনতায় হস্তক্ষেপ আসছে নানা জায়গা থেকে। ডয়চে ভেলে ডিজিটাল এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষের আরো কাছে যেতে চায়, জানতে চায় তাদের কথা।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে