বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র জন্মবার্ষিকী পালন করা হয়েছে। আজ রবিবার (১৬ ফেব্রুয়ারি, ২০২০) সকাল ১১টায় রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ফতেহপুরে অবস্থিত ড. এম এ ওয়াজেদ মিয়া’র সমাধিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও।
বেরোবি ভাইস-চ্যান্সেলরের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ড. ওয়াজেদ রিসার্চ ইনস্টিটিউট, অফিসার্স অ্যাসোসিয়েশন, কর্মচারী ইউনিয়ন, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের বিভিন্ন সংগঠন ও দপ্তরের পক্ষ থেকে পৃথক পৃথকভাবে দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বেরোবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রভোস্ট তাবিউর রহমান প্রধান, ইন্স্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) ও বহিরাঙ্গন কার্যক্রমের পরিচালক প্রফেসর ড. মো. নাজমুল হক, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন এবং প্রক্টর মো: আতিউর রহমানসহ বিভিন্ন বিভাগের অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সকলের অংশ গ্রহণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম কাম-খতিব। এছাড়াও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া’র জন্মবার্ষিকী উপলক্ষে বাদ জোহর বেরোবি’র কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























