ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এর স্থায়ী ক্যাম্পাস মোহাম্মদপুরে ৮ ফেব্রুয়ারি শনিবার ‘স্প্রিং ওরিয়েন্টেশন ২০২০’ আয়োজন করেছে। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবি আজিয়াটা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ।
তাঁর অনুপ্রেরণামূলক বক্তৃতায় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “বাংলাদেশি তরুণ প্রতিভাদের উদ্যোক্তা হবার অনেক বড় সুযোগ রয়েছে। নিজের জন্য শুধু চাকরি না খুঁজে হাজার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সৃজনশীল চিন্তা ও নতুন নতুন ধারণা বের করতে হবে।”অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ এর বিশেষ উপদেষ্টা অধ্যাপক ইমরান রহমান। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন ও বিভাগীয় প্রধানদের সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেন ইউল্যাব এর উপাচার্য অধ্যাপক এইচ এম জহিরুল হক।
ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিস ও ইউল্যাব কমিউনিকেশনস অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এই নবীনবরণ অনুষ্ঠান ইউল্যাব সংস্কৃতি সংসদ (এসএস) ক্লাবের শিল্পীদের সমবেত কন্ঠে ‘ইউল্যাব থিম সং’ পরিবেশনার মধ্য দিয়ে শুরু হয়। পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পর্বের মধ্য দিয়ে অনুষ্ঠানটির শেষ হয়। ট্রেজারার অধ্যাপক মিলন কুমার ভট্টাচার্য, রেজিস্ট্রার লেঃ কর্ণেল (অবঃ) ফয়জুল ইসলাম, ইউল্যাব স্টুডেন্ট অ্যাফেয়ার্স অফিসের পরিচালক ও সহকারী অধ্যাপক দিলারা আফরোজ খান সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানটি উপভোগ করেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























