বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)-এ যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি, ২০২০) সকাল থেকেই নানা কর্মসূচির মধ্যদিয়ে বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদ্যাপন করা হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেন্দ্রীয়ভাবে আয়োজনের পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক হল এবং বেশ কয়েকটি বিভাগ পৃথক পৃথকভাবে এই পূজার আয়োজন করে।
সকালে সনাতন ধর্মালম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা এবং কর্মচারিদের শুভেচ্ছা জানানোর মধ্যদিয়ে বিশ্ব বিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও ক্যাম্পাসের রাসেল চত্ত্বরে কেন্দ্রীয় সরস্বতী পূজার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সরস্বতী পূজা উপলক্ষে বেরোবি ভাইস-চ্যান্সেলর সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, সবার অংশগ্রহনে এই উৎসব দেশের অসাম্প্রদায়িক চেতনা ও ঐতিহ্যে ভিন্নমাত্রা যোগ করেছে। এসময় উপাচার্য বিশ^বিদ্যালয়ের আবাসিক হল ও একাডেমিক ভবনে পূজা অর্চনায় উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সার্বিক খোঁজ-খবর নেন।
বেরোবি সরস্বতী পূজা ২০২০ আয়োজক কমিটির আহবায়ক ও বাংলা বিভাগের প্রফেসর ড. পরিমল চন্দ্র বর্মণ, সদস্য সচিব উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিখিল চন্দ্র বর্মণ, জেন্ডার স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক কুন্তলা চৌধুরী, সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক রাম প্রসাদ বর্মণ, পরিসংখ্যান বিভাগের প্রভাষক সুকান্ত দাস, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক বিউটি মন্ডলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এই পূজায় অংশ নেন। সন্ধ্যায় আরতির মাধ্যমে পূজার কর্মযজ্ঞ সমাপ্ত হয়।
এদিকে সরস্বতী পূজা উপলক্ষে বেরোবি লোকপ্রশাসন বিভাগের আয়োজনে ‘জ্ঞানতত্ত্ব: একটি ব্যষ্টিক আলোচনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
লোকপ্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মো: জুবায়ের ইবনে তাহেরের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেরোবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও। সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক সুমাইয়া তাহসিন হামিদা। এছাড়াও বক্তব্য রাখেন সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ আনোয়ার হোসাইন, প্রভাষক এ. বি. এম. নুরুল্লাহ।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























