কুষ্টিয়া প্রতিনিধিঃ রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার হরিনারায়নপুর দোয়ারকা দাস আগরওয়ালা মহিলা কলেজের যৌথ উদ্যোগে একুশ শতকের নতুন পেশা ও আমাদের উচ্চ শিক্ষা শীর্ষক ২১তম সেমিনার সোমবার কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ জনাব মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে সেমিনারে মূখ্য আলোচক ছিলেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান এবং ইবির আইন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জহুরুল ইসলাম।
মূখ্য আলোচক তার বক্তব্যে বলেন ডিজিটাল দুনিয়ার চতুর্থ বিপ্লবে ছেলে শিক্ষার্থীর পাশাপাশি নারী শিক্ষার্থীদেরকেউ আধুনিক তথ্য প্রযুক্তি নির্ভর পেশার প্রতি মনোযোগী হতে হবে এবং তাদেরকে দক্ষতা অর্জন করে জাতীয় উন্নয়নে অবদান রাখতে হবে। সনাতনী পেশার পরিবর্তে তরুণ প্রজন্মকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন নতুন পেশার প্রতি মনোযোগী হবার জন্য বিশেষভাবে আহবান জানানো হয় সেমিনারে। সেমিনারে কলেজের অধ্যাপকমণ্ডলীসহ বিপুল সংখ্যক ছাত্রী উপস্থিত ছিলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা বাবু নারায়ন আগরওয়ালা, কলেজ পরিচালনা পর্ষদের বিদ্যোৎসাহী সদস্য বাবু রতনলাল মৈত্র।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন কলেজের শিক্ষার্থী ফারহানা আক্তার এবং পবিত্র গীতা পাঠ করেন শিক্ষার্থী প্রিয়ঙ্কা। অনুষ্ঠান সঞ্চালনা করেন রবীন্দ্র মৈত্রী বিশ্ববিদ্যালয় এর মুখ্য মার্কেটিং কর্মকর্তা জনাব রেজাউর রহমান শাহীন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ
























