ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এক শিশুর চিকিৎসায় মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহার করা হয়েছে। সোমবার ২০ জানুয়ারী বিকেল ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বর্তমানে শিশুটিকে(তায়েবা) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রাশেদুর রহমান।
শিশুটির বাবা ওয়াসিম দস্তগীর বিডিটাইমসনিউজ কে জানান, বিজয়নগর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের ওয়াসিম দস্তগীরের দেড় বছরের মেয়ে তায়েবা ডায়রিয়া ও বমি হলে, বিকেল সাড়ে তিনটার দিকে তার মেয়ে তায়েবাকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত মেডিকেল অফিসার সুমাইয়া জাবিন শিশুটিকে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি করায়। পরে নার্স রাজিয়া এবং নাজরানা শিশু তায়েবাকে হাসপাতালের নিজস্ব সরকারি মেয়াদোত্তীর্ণ স্যালাইন ‘ডেক্সোরাইড’ নামের একটি স্যালাইন পুশ দেন। স্যালাইনে লাগানো কাগজের মোড়কে স্যালাইনটি ২০১৪ সালের মে মাসে তৈরি এবং মেয়াদ ২০১৭ সালের মে মাস পর্যন্ত উল্লেখ আছে। এর পর থেকে শিশুটির খিঁচুনি দেখা দেয় ও চোখ লাল হতে থাকে। তখন তাদের সন্দেহ হলে হাসপাতালে স্বজনেরা ব্যবহৃত স্যালাইনটি মেয়াদোত্তীর্ণ দেখতে পায়।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. রাশেদুর রহমান মেয়াদোত্তীর্ণ স্যালাইন ব্যবহারের বিষয়টি স্বীকার করে বিডিটাইমসনিউজ কে জানান, ফার্মাসিস্ট ও কর্তব্যরত নার্সের ভুলে এটি হয়েছে। এ ব্যাপারে তাঁদের সতর্ক করে দেওয়া হয়েছে। শিশুটিকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














