চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কুকুরের সাথে চিকিৎসা নিতে হচ্ছে অসুস্থ রোগীদের। কুকুরসহ কুকুর ছানাদের অবাধ বিচরনে হাসপাতালের চারিদিকে দূর্গন্ধ ছড়ানোসহ অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। রোগীদের পক্ষ থেকে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এবিষয়ে অভিযোগ দিলেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। ফলে মেডিসনি ওয়ার্ড, জরুরী ওয়ার্ড, হাসপাতালের ভিতর বিভিন্নস্থানসহ প্রধান ফটকের সামনেও অসংখ্য কুকুর অবাধে ঘোরাফেরা করে সবসময়।
সরজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, সদর হাসপাতালের বিভিন্নস্থানে কুকুর ছানাদের সাথে দিব্বি ঘুমাচ্ছে বেশ কটি মা কুকুর। তার একটু দুরেই হাসপাতালের মেডিসিন ওয়ার্ড। সেখানেও চোখে পড়ে মেঝেতে চিকিৎসা নেওয়া রোগীদের পাশে ঘুমাচ্ছে কয়েকটি কুকুর ছানা। রোগীর পরিবারের সদস্যরা কুকুর ছানাদের তাড়িয়ে দিলেও কয়েক মিনিট পরে আবারও কুকুর ছানাগুলো রোগীর আশপাশে ঘোরাঘুরি শুরু করে। এতে রোগীর পরিবারের সদস্যরা যেমন অতিষ্ঠ হয় তেমনি রোগীর স্বাস্থ্যঝুকিও বেড়ে যায় অনেক।
শহরের বড় বাজার এলাকার বাসিন্দা নাসির আহমেদ জানান, স্ত্রীর চিকিৎসার জন্য বেশ কয়েকদিন হাসপাতালে আছেন তিনি। প্রতিদিনই হাসপাতালে রোগীর পাশে কুকুর ও কুকুরছানা ঘোরাঘুরি করতে দেখেন তিনি। তবে দিনের বেলা এই যন্ত্রনা কিছুটা কম হলেও রাতেই কুকুরের অতিষ্ঠে ঘুম হয় না অনেকের।
মরিয়ম বেগম নামের চিকিৎসা নেয়া একজন রোগী জানান, প্রতিদিন রাতে জরুরী বিভাগের পাশে কুকুর ছানাগুলো থাকে। মাঝরাতে বেশ কয়েকটি কুকুর ও কুকুরের ছানা ওয়ার্ডের বারান্দাতে রোগীদের পাশে চলে আসে। এতে তার মতো অনেক রোগীকেই ভোগান্তীর শিকার হতে হয়।
হাসাপাতালের ভিতরে কুকুরের চলাফেরায় রোগীদের ভোগান্তীর বিষয়ে জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার শামীম কবীর এ বিষয়ে কথা বলতে রাজী হননি।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সিভিল সার্জন মারুফ হাসান জানান, রোগীদের সাথে কুকুরের থাকাটা সত্যিই দুঃখজনক। এ বিষয়ে খুব শ্রীঘ্রই ব্যবস্থা নেয়া হবে।
সোহেল রানা ডালিম
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














