ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতাঃ বছরের প্রথম দিন, হাতে নতুন বই। চোখে-মুখে যেন আনন্দ আর খুশির বন্যা। ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে আন্দিদিল হাজী আব্দুল কুদ্দুস স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের হাতে নতুন বই বিতরণ উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়। বই বিতরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সচিব ও স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু। হাজী আব্দুল কুদ্দুস স্কুলের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা আমান উল্লাহ আমান, ডাঃ আলী আহম্মেদ, আলমগীর হোসেন, মোমিনুল ইসলাম, মোঃ জসিম উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু বলেন, বছরের প্রথম দিনে নতুন বই বিতরণ প্রধানমন্ত্রীর বিরল উদ্যোগ যা বিশ্বে এক অনন্য নজির স্থাপন করেছে। আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে সময়োপযোগী আধুনিক ও উন্নত শিক্ষা নিশ্চিত করাই হবে বর্তমান সরকারের মূল লক্ষ্য। ২০১০ সাল থেকে ধনী গরীব নির্বিশেষে সকল শিক্ষার্থীর জন্য বিনামূল্যে বই বিতরণের এক মহতী উদ্যোগ গ্রহণ করে বর্তমান শিক্ষাবান্ধব শেখ হাসিনা সরকার। তিনি বলেন আগামী দিনের বাংলাদেশকে এগিয়ে নিতে মেধাবী ও দক্ষ নাগরিক প্রয়োজন। শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ। তাদেরকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মন দিয়ে পড়াশোনা করতে হবে। যাতে তোমরা বড় হয়ে দেশ ও জাতির জন্য অবদান রাখা যায়। তিনি আরো বলেন ভিশন ২০৪১ উন্নত বাংলাদেশ বাস্তবায়নে প্রযুক্তি নির্ভরতার মধ্যে শিক্ষার্থীদের বেড়ে ওঠা নিশ্চিত করতে হবে।

এ ব্যাপারে অভিভাবক ও শিক্ষকদেরকে শিক্ষার্থীদের সহযোগিতা করার জন্য তিনি আহবান জানান।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলে দেন।

জহির সিকদার
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে