চালু হল অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট। অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবাটি গত ১ জানুয়ারি সিলেটে ও গত বছরের ২০ নভেম্বর কুমিল্লায় পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এ পর্যন্ত নতুন সিস্টেমে প্রায় ১৪ হাজার আবেদন পাওয়া গেছে, যার মধ্যে সাড়ে ৫ হাজার সার্টিফিকেট ইস্যু করা হয়েছে।
রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের যে স্বপ্ন দেখেছিলেন, তা আজ স্বার্থক হয়েছে। রবিবার বিকেলে রাজারবাগ পুলিশ টেলিকম অডিটরিয়ামে ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স চালুর ফলে সেবা প্রত্যাশী জনগণের অর্থ ও সময় সাশ্রয় হবে। এতে পুলিশের কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। যে কোনো কাজে পুলিশ ক্লিয়ারেন্স নেওয়ার ক্ষেত্রে সাধারণ মানুষ আগে যে বিব্রতকর পরিস্থিতিতে পড়ত, এখন আর সেই সমস্যায় পড়তে হবে না।’
পুলিশ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ আয়োজনে রোববার এই নাগরিক সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার। সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত ডিআইজি (আইসিটি) ব্যারিস্টার হারুন অর রশিদ। আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আসাদুজ্জামান মিয়া, কুমিল্লার পুলিশ সুপার শাহ আবিদ হোসেন প্রমুখ।
কবির বিন আনোয়ার বলেন, ‘বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, ই-কমার্স, ভূমি ব্যবস্থাপনা ইত্যাদি ক্ষেত্রে তথ্যপ্রযুক্তি সেবা সম্প্রসারণ করেছে। পুলিশ মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ‘ডিজিটাল বাংলাদেশ’ বাস্তবায়নে পুলিশ পিছিয়ে নেই। অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স চালুর ফলে বিদেশগামী বা বিদেশে বসবাসকারী বাংলাদেশি নাগরিকরা দেশে বা দেশের বাইরে যে কোনো স্থানে বসে ইন্টারনেট ব্যবহার করে http://pcc.police.gov.bd/en/ এই ঠিকানায় বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স মেন্যুতে ক্লিক করে অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় দলিলাদি এবং সরকারি ফি পরিশোধের চালান স্ক্যান করে আপলোড করতে হবে। এর ফলে আবেদনকারীকে ব্যক্তিগতভাবে থানায় আসার প্রয়োজন হবে না। আবেদনকারী অনলাইনে তার আবেদনের সর্বশেষ অবস্থা নিয়মিত জানতে পারবেন।























