জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মেদ বিন রামাদান আল বুলশী।
জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় ভ্রাতৃপ্রতিম দুটি দেশের অকৃত্রিম বন্ধুত্ব, অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা বিষয় নিয়ে আলোচনা করেন তারা।
সভায় শেষে জিএম কাদের বলেন, দুটি দেশের পারস্পারিক বন্ধুত্ব আরও সুদৃঢ় হবে। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের উন্নয়নের ওমানের অংশগ্রহন আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি বিপুল সংখ্যক বাংলাদেশি ওমানে কাজের সুযোগ পাবে। বাংলাদেশ ও ওমানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন ওমানের রাষ্ট্রদূত।
ওমানের রাষ্ট্রদূত ওমর বিন মোহাম্মেদ বিন রামাদান আল বুলশী বলেন, বর্তমানে ওমানে প্রায় সাড়ে ৬ লাখ বাংলাদেশি কর্মরত আছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন পেশায় বাংলাদেশিরা অত্যন্ত সুনামের সাথে কাজ করছেন। ওমানে কর্মরত বিদেশীদের মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশিরাই সংখ্যার দিকে থেকে বেশি।
ভবিষ্যতে আরও বিপুল সংখ্যক বাংলাদেশি ওমানে কাজের সুযোগ পাবেন। এ সময় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু, চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক রাষ্ট্রদূত মেজর (অব.) আশরাফ উদ দৌলা ও মাহমুদুর রহমান, ভাইস চেয়ারম্যান আহসান আদেলুর রহমান এমপি উপস্থিত ছিলেন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























