ইবি প্রতিনিধিঃ শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে মঙ্গলবার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে। সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উদ্যোগে শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। বিভিন্ন রংবেরংএ সজ্জিত র্যালিটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিভাগে গিয়ে শেষ হয়।
ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড হারুন-উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড শাহীনুর রহমান, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনারুল হক। এসময় আরও উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের প্রভাষক শরিফুল ইসলাম, মাসুদ রানা, মিজান কুমার ঘোষ, অর্ঘ্য প্রসূন সরকার ও ফার্মেসি বিভাগের শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের উদ্যোগে ২০০৯ সালে অনুষ্ঠিত ইস্তাম্বুল সম্মেলনে ২৫ সেপ্টেম্বরকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৯১২ সালের এই দিনে নেদারল্যান্ডসের হেগে আন্তর্জাতিক ফার্মাসিউটিক্যাল ফেডারেশনের প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়, এই কারণে দিবসটিকে বিশ্ব ফার্মাসিস্ট দিবস হিসেবে ঘোষণা করা হয়। দিবসের প্রতিপাদ্য ছিল “সবার জন্য নিরাপদ এবং কার্যকর ওষুধ”।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














