আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হচ্ছে ২০ ও ২১ ডিসেম্বর। গণভবনে দলের কার্যনির্বাহী সভায় এই সিদ্ধান্ত হয়। সভায় আওয়ামী লীগকে গতিশীল করতে, সব পর্যায়ে নিয়মিত সম্মেলন করার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এসময় দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন, বঙ্গবন্ধুর আদর্শের প্রতিটি কর্মীকে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নিয়মিত বৈঠক গণভবনে। শেখ হাসিনার সভাপতিত্বে এতে অংশ নেন সভাপতিমণ্ডলি, কার্যনির্বাহী সংসদের সদস্য ও সম্পাদক-যুগ্ম সম্পাদকেরা। এসময় সাংগঠনিক পরিস্থিতি ও ত্রিবার্ষিক সম্মেলন নিয়ে হয় আলোচনা। সভার শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ জনগণের দল তাই দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, এক দশকে দেশের অর্জন আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ মর্যাদার আসনে। আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যারা বিরোধী দলে থাকলেও দেশের উন্নয়নের পরিকল্পনা প্রণয়ন করে।

আওয়ামী লীগের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস তৈরি হয়েছে তা ধরে রাখতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত, সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানান তিনি।

২০৪১ সালের আগেই বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সম্বৃদ্ধশালী দেশ হিসেবে পরিচিতি পাবে আশা করে শেখ হাসিনা জানান, আওয়ামী লীগ দায়িত্বশীল দল হিসেবে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে যাচ্ছে। এর আগে আঞ্জুমানে মফিদুল ইসলামকে ১০ কোটি টাকাসহ ১৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১৩ কোটি ৬৫ লাখ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে