প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নার্সিং পেশাকে সম্মানজনক ও আধুনিক করা হয়েছে। সেবার মধ্যদিয়ে মানুষের মন জয় করতে নার্সদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।

বুধবার ( ১৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে নার্সিং কলেজের প্রথম সমাবর্তনে এসব বলেন তিনি। নার্সিং পেশার উন্নয়নে আরও কাজ করার ঘোষণাও দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের চিকিৎসা খাতকে এগিয়ে নিতে ২০১৩ সালে গাজীপুরের কাশিমপুরে প্রতিষ্ঠিত হয় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতাল ও নার্সিং কলেজ। এটি প্রতিষ্ঠা করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট।

বুধবার (১৮’ই সেপ্টেম্বর) হাসপাতাল প্রাঙ্গনে আয়োজন করা হয় এই নার্সিং কলেজের প্রথম ব্যাচের স্নাতক সমাপনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দেন ট্রাস্টের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরুতেই কোর্স সম্পন্নকারীদের হাতে সনদপত্র তুলে দেন প্রধানমন্ত্রী। আলোচনায় শেখ হাসিনা বলেন, বরাবরই নার্সিং পেশাকে অবহেলার চোখে দেখা হত। তবে বর্তমান সরকার নার্সদের যথাযোগ্য সম্মান দিয়েছে। যার ফলে বর্তমানে স্বাস্থ্য খাতের অন্যতম গুরুত্বপূর্ণ পেশা হিসেবে বিবেচিত হচ্ছে নার্সিং। মানুষের সেবা দেয়ার লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে ভবিষ্যতে দেশব্যাপী আরও মেডিকেল বিশ্ববিদ্যালয় করার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। নার্সিং শিক্ষার মান আন্তর্জাতিক পর্যায়ের নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন শেখ হাসিনা।

মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করতে নার্সদের প্রতি আহ্বান জানান সরকার প্রধান। আরও মানুষকে নার্সিং পেশায় আসার আহ্বানও জানান শেখ হাসিনা।অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সহসভাপতি ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতাল ও নার্সিং কলেজের সিইও মো. তৌফিক বিন ইসমাইল। এছাড়া গ্র্যাজুয়েশন বক্তা হিসেবে বক্তব্য দেন মালয়েশিয়ার স্কুল অব মেডিসিন কেপিজে হেলথ কেয়ার ইউনির্ভাসিটি কলেজের উপাচার্য ও ডিন প্রফেসর দাতো ডা. লোকমান সাঈম।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে