দেশের প্রথম ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করলো অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। ফলে সেবার জন্য আর অফিসে অফিসে দৌড়াতে হচ্ছে না বিনিয়োগকারীদের। এক ছাদের নিচে হয়রানিমুক্ত পরিবেশে কম সময়ে মিলছে বিনিয়োগের সব সুবিধা।

অর্থনৈতিক অঞ্চলে ব্যবসা করতে লাগে কোম্পানি নিবন্ধন, আমদানি রপ্তানি সনদসহ একশ ২৫ ধরনের সেবা। যার ৩৭টি দেয় বেজা। বাকি ৮৮ সেবা দেয় বাংলাদেশ ব্যাংকসহ বিভিন্ন সরকারি সংস্থা। এসব সেবার জন্য বিনিয়োগকারীদের যেতে হতো বিভিন্ন অফিসে। বেড়ে যেত ব্যবসার খরচ, হয়রানির শিকার হতেন ব্যবসায়ীরা।

তবে বেজার এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টারে সব অফিসের কর্মকর্তাদের দেখা পাচ্ছেন বিনিয়োগকারীরা। বাংলাদেশ ব্যাংক, পরিবেশ অধিদপ্তর, জাইকাসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি আছেন এখানে। এসব সেবার ১১টি এখন অনলাইনেও পাওয়া যাচ্ছে। কর্মকর্তারা জানান, পর্যায়ক্রমে সব সেবাই দেয়া হবে অনলাইনে। আর ওয়ান স্টপ সার্ভিস সেন্টার কোন সমস্যার সমাধান করতে না পারলে হস্তক্ষেপ করবে বেজার নির্বাহী বোর্ড।

হয়রানিমুক্ত সেবা পেয়ে সন্তুষ্ট ব্যবসায়ীরা। তারা জানান, এধরনের সেবার ফলে ব্যবসার খরচ ও সময় দুটোই বাঁচবে। ২৯’শে সেপ্টেম্বর আনুষ্ঠানিক উদ্বোধন হবে এই সেবা কেন্দ্রের। বেজা কর্মকর্তারা জানান, অর্থনৈতিক অঞ্চলের বাইরে যারা বিনিয়োগ করবেন, তাদেরও প্রাথমিক তথ্য সহযোগিতা দেবে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে