বছরে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হচ্ছে দাবি করে প্রবীণ অর্থনীতিবিদ অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেছেন, টাকা পাচারের ক্ষেত্রে এগিয়ে রয়েছেন গার্মেন্টস মালিকরা। শনিবার (০৭’ই সেপ্টেম্বর) রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।

ড. মইনুল বলেন, বাংলাদেশে ধর্নাঢ্য ব্যক্তিদের আয় বাড়ার হার বিশ্বে সবচেয়ে বেশি। এ সময় তিনি বলেন, বছরে দেশ থেকে পাচার হচ্ছে ৭৫ হাজার কোটি টাকা। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন গার্মেন্টস মালিকরা। কিন্তু এই খাতের ৩৫ লাখ শ্রমিক আগের মতোই দরিদ্রই থেকে গেছেন।

সেমিনারে অর্থনীতিবিদরা বলেন, ক্রমবর্ধমান আয় বৈষম্য মোকাবেলা করা দুরূহ কাজ, কিন্তু অসম্ভব নয়। এক্ষেত্রে রাষ্ট্রের শীর্ষ নেতৃত্বের সদিচ্ছা প্রয়োজন। কঠোর দিক নির্দেশনা দরকার। একই সঙ্গে জিরো টলারেন্সকে অগ্রাধিকার দিয়ে দুর্নীতি দমনে কঠোর বিধান প্রণয়নেরও তাগিদ দিয়েছেন তারা।সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, বর্তমানে জিডিপির মাত্র দশমিক ২ শতাংশ ব্যয় হয় দরিদ্র জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে। এক্ষেত্রে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন।

দুর্নীতির কারনে ক্রমাগতভাবে আয় বৈষম্য বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের অর্থনীতিবিদরা। বাংলাদেশ অর্থনীতি সমিতি আয়োজিত ‘বাংলাদেশের ক্রমবর্ধমান আয় বৈষম্য: সমাধান কোন পথে’ শীর্ষক অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক মইনুল ইসলাম। তিনি বলেন, দেশের উচ্চবিত্ত কিছু মানুষের মধ্যে কুক্ষিগত হয়ে আছে বেশিরভাগ সম্পদ। মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যে প্রতারিত হচ্ছে প্রান্তিক মানুষ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ফরাসউদ্দিন আহমেদ, স্বল্পমেয়াদী আমানত নিয়ে দীর্ঘমেয়াদে ঋণ প্রদানের নিয়ম থেকে ব্যাংকগুলোকে বেরিয়ে আসার পরামর্শ দেন। বিশেষ অতিথির বক্তব্যে বিনিয়োগের জন্য ব্যাংকের বিকল্প হিসেবে শেয়ার বাজারকে শক্তিশালী করার উপর জোর দেন।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে