সরকারি দলের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দশম সংসদ কার্যকরের অঙ্গীকার বাস্তবায়ন হয়নি বলে জানিয়েছেন টিআইবি’র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। এমনকি দ্বৈত অবস্থানের কারনে সরকারের জবাবদিহিতা নিশ্চিতে বিরোধী দলও কার্যকর ভূমিকা রাখতে পারেনি বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার ( ২৮ আগস্ট) সকালে রাজধানীর মাইডাস সেন্টারে পার্লামেন্ট ওয়াচ গবেষণা প্রতিবেদন উপস্থাপনে এসব বিষয় তুলে ধরেন টিআইবি’র নির্বাহী পরিচালক।
প্রতিবেদনে বলা হয়, প্রধান একটি রাজনৈতিক দলের অংশগ্রহণ না থাকায় দশম সংসদ নির্বাচন অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ন হয়নি। ফলে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা সরকারি দলের সংসদীয় কার্যক্রমে সিদ্ধান্ত গ্রহনে একচ্ছত্র ক্ষমতা বৃদ্ধি পায়।
এছাড়া প্রতিবেদনে উঠে আসে দশম জাতীয় সংসদে কোরাম সংকটের কারণে ক্ষতি হয়েছে প্রায় ১৬৩ কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৩৬৩ টাকা। এই সময়ে কোরাম সংকট ছিল ১৯৪ ঘণ্টা ৩০ মিনিট।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দশম জাতীয় সংসদের প্রথম থেকে ২৩তম অধিবেশনের (জানুয়ারি ২০১৪ থেকে অক্টোবর ২০১৮) ওপর গবেষণাটি পরিচালিত হয়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























