রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বাংলাদেশ কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। মিয়ানমারের ওপর আস্থা না থাকাতেই রোহিঙ্গারা দেশে ফিরতে রাজি হচ্ছে না বলেও জানান তিনি। আর সড়কমন্ত্রী ওবায়দুল কাদের বলছেন, কূটনৈতিক ব্যর্থতা নয়, নিরাপত্তার প্রশ্নেই প্রত্যাবাসন শুরু করা যায়নি।
বাংলাদেশের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়ার পরও বৃহস্পতিবার মিয়ানমারে ফিরতে রাজি হননি ২৯৫ রোহিঙ্গা পরিবার। এর আগে গত বছরের নভেম্বরের উদ্যোগেও সাড়া দেয়নি রোহিঙ্গারা। এ অবস্থায় পররাষ্ট্রমন্ত্রী বলছেন, রোহিঙ্গাদের আস্থা ফেরানোর দায়িত্ব মিয়ানমারের। জাতিসংঘ এর দায় এড়াতে পারে না। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থাসহ অন্যান্য দাতা সংস্থাকে রাখাইনে গিয়ে কাজ করার আহ্বানও জানান তিনি।
প্রত্যাবাসনে সরকারের ব্যর্থতার অভিযোগের জবাবে সড়কমন্ত্রী জানান, রোহিঙ্গাদের দেশে ফেরার বিষয়টি নির্ভর করছে মিয়ানমারের আন্তরিকতার ওপর। এতে কূটনৈতিক ব্যর্থতার কিছু নেই।
সারা বিশ্ব থেকে মিয়ানমারের ওপর চাপ তৈরি হচ্ছে জানিয়ে তার আশা, রোহিঙ্গা সংকটের সমাধান হবেই।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























