কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন বলেছেন, শিক্ষাই জাতিকে উন্নয়ন শিখরে পৌঁছাতে পারে। তাই শিক্ষার্থীদের যথাযথ শিক্ষা অর্জন করে দেশ তথা মাতৃভূমির উন্নয়নে কাজ করতে হবে। তিনি গতকাল বুধবার সকালে সদর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলার আলামপুর ইউনিয়নের আদিবাসী জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি বলেন, উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজ মাতৃভূমি ভুলে গেলে চলবেনা। দেশ ও মাতৃভূমির প্রতি মমতা রাখতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, মনোযোগ ও সাধনার সাথে লেখাপড়া করলে লক্ষ্যে পৌঁছানো যায়। তোমাদের মতো শিক্ষার্থীদের সেই লক্ষ্যে পৌঁছাতে উৎসাহ-উদ্দীপনা দিতেই এ বৃত্তি প্রদান করা হচ্ছে। তাই তোমরা ভালো করো পড়ালেখা শিখে ডিসি, এসপি, ডাক্তার, ইঞ্জিনিয়ার হয়ে নিজের, সমাজের, এমনকি দেশের মানুষের কল্যানে কাজ করবে বলে আমি মনে করি। আর তাই দেশ ও জাতী গড়ে তুলতে তোমাদেরকে লেখাপড়া করে আদর্শ ও ভদ্র মানুষের মত মানুষ হিসাবে নিজেদেরকে গড়ে তুলে আগামী দিনে সমাজ, দেশ ও জাতি গড়ার দায়িত্ব নিতে হবে। সদর উপজেলা নির্বাহী অফিসার খোদেজা খাতুনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলুল হক, কুষ্টিয়া পৌরসভার প্রধান নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম, একাডেমী সুপারভাইজার জুলেখা বেগম। পরে সদর উপজেলার আলামপুর দাসপাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যায়নরত আদিবাসী জনগোষ্ঠীর প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও গ্রাজুয়েশন শ্রেণির শিক্ষার্থীদের অনুকূলে বৃত্তিমূলক শিক্ষা সহায়তার চেক প্রদান করা হয়। প্রাথমিক পর্যায়ে ৮৫ জন, মাধ্যমিক পর্যায়ে ৩৯ জন, উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৮ জন ও গ্রাজুয়েশন পর্যায়ে ৩ জন শিক্ষার্থীদের মাঝে ২লাখ টাকার চেক বিতরণ করা হয়।
কে এম শাহীন রেজা
কুষ্টিয়া, বিডি টাইমস নিউজ ।


























