শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় জাতির জনককে স্মরণ করছে সারা দেশ। সকালে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে সকালে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শোক দিবসে সকাল ১০টায় ছোট বোন শেখ রেহানাকে নিয়ে টুঙ্গিপাড়া পৌঁছান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এ সময় তাকে গার্ড অব অনার প্রদান করে স্বশস্ত্র বাহিনীর একটি চৌকষ দল। এরপর জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে বঙ্গবন্ধুকে জানানো হয় রাষ্ট্রীয় সালাম। এসময় বিউগলে বেজে ওঠে করুন সুর।বঙ্গবন্ধুসহ ১৫ আগষ্ট নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে অনুষ্ঠিত বিশেষ দোয়া ও ফাতেহা পাঠে অংশ নেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগ প্রধান হিসেবেও শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা। এ সময় দলের কেন্দ্রীয় নেতারাও উপস্থিত ছিলেন। পরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদনের জন্য বঙ্গবন্ধুর সমাধির ফটক খুলে দেয়া হয়।
এর আগে সকাল সাড়ে ৬টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বনানী কবরস্থানে ১৫ আগষ্ট নিহতদের কবরে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী। শোক দিবসে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানে অর্ধনমিত রাখা হয়েছে জাতীয় পতাকা।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























