সারা দেশে দুই হাজার ৩২৬ নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন পর্যন্ত মারা গেছেন ২৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে, ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩০ জন ভর্তি হলেও মৃত্যুর খবর পাওয়া যায়নি। এখনো ঢাকা মেডিকেলে ভর্তি আছেন ৬৭৫ জন রোগী।
সারা দেশে বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। গত রাতে টাঙ্গাইলের মির্জাপুরে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে আরিফ হোসেন কাজল নামে একজনের মৃত্যু হয়েছে। ৪ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কুমুদিনী হাসপাতালে ভর্তি হন আরিফ। রক্তে কমতে থাকে প্লাটিলেট। রক্তের ব্যবস্থা করার আগেই আরিফের মৃত্যু হয়। ঢাকা মেডিকেলে জানুয়ারি থেকে এ পর্যন্ত তিন হাজার ৬৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এদের মধ্যে ১৮ জন মারা গেছে। তিন হাজার একজন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। এখনও ঢাকা মেডিকেলে ভর্তি আছেন ৬৭৫ জন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৩০। বৃহস্পতিবার দুপুরে নিয়মিত ব্রিফিংয়ে হাসপাতালের পরিচালক জানান, বৃহস্পতিবার নতুন করে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে রোগীর চাপ বাড়ায় চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন তারা। তবে সংখ্যা বেশী হলে শেখ হাসিনা বার্ন ইউনিটে স্থানন্তর করা হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, ঈদে বাড়ি যাওয়ার আগে জ্বরে আক্রান্তদের রক্ত পরীক্ষা করে ঢাকা ছাড়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই তিনি এই আহ্বান জানান।এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, বুধবার বিকেল থেকে ২৪ ঘণ্টায় ২৩২৬ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।
তথ্যঃ ইন্ডিপেনডেন্ট
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














