ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আজ (মঙ্গলবার) মারা গেছে আরো আট জন। এর মধ্যে রাজধানীতে ইতালি প্রবাসী নারীসহ ছয়জন এবং রংপুর ও দিনাজপুরে দু’জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সরকারি হিসেবে ঢাকা মেডিকেলেই ১৭ জনসহ রাজধানীসহ সারাদেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ছাড়িয়েছে অর্ধশত।
রাজধানীতে আরো ৬ জনের মৃত্যুঃ স্বামী-সন্তান নিয়ে দেশে বেড়াতে এসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ গেলো ইতালি প্রবাসী হাফসা লিপি নামের এক নারীর। তিনি চারদিন ধরে ঢাকার আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।সেখানে আইসিইউতে থাকা অবস্থায় সোমবার রাতে তার মৃত্যু হয় বলে হাসপাতালের পরিচালক জসিমউদ্দিন খান জানিয়েছেন।মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। তারা হলেন মনোয়ারা বেগম, হাবিবুর রহমান ও আমজাদ মন্ডল।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মনোয়ারা বেগম (৭৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এনিয়ে ঢাকা মেডিক্যালেই মারা গেলেন ১৫ জন। মঙ্গলবার (০৬ আগস্ট) ভোরে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয়। পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।গত ৩ আগস্ট (শনিবার) মনোয়ারাকে ঢামেকের জরুরি বিভাগে ভর্তি করা হয়। পরে তার অবস্থা অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই তার মৃত্যু হয়।ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন কাউসার নামের এক ব্যক্তি।এ ছাড়াও রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন হানিফ নামের এক ব্যক্তি মারা যান।
রংপুর ও দিনাজপুরে মারা গেছে ২ জনঃরংপুর ও দিনাজপুরে দুইজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিউল ইসলাম (১৭) নামে এক ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (০৬ আগস্ট) ভোররাতে সে মারা যায়। সে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ৩০ জুলাই দিনাজপুর এম. আব্দুর রমিহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাষ্টার মোঃ মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত রবিউল ইসলাম ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার নেকমরদ গ্রামের নয়ন ইসলামের ছেলে। সে ঢাকায় একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে জানা গেছে।এছাড়াও মঙ্গলবার (০৬ আগস্ট) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে রিয়ানা নামের তিন বছরের এক শিশু।
তথ্যঃ বৈশাখী
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























