বরগুনায় রিফাত শরীফকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা মামলার প্রধান আসামি সাব্বির আহামেদ নয়ন ওরফে নয়ন বন্ড পুলিশের সঙ্গে গোলাগুলিতে নিহত হয়েছেন। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে বরগুনার পুরাকাঠা এলাকায় এ ঘটনা ঘটে।
নয়ন ও তার সহযোগীদের ধরতে কয়েকদিন ধরেই পুরো বরগুনা শহরে অভিযান চালাচ্ছিল পুলিশের ১২টি দল। শহর থেকে ১৮ কিলোমিটার দূরে পুরাকাঠা এলাকায় নয়ন ও তার সহযোগীরা অব্স্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার গভীর রাতে সেখানে অভিযান চালায় পুলিশের একটি দল। মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে পুলিশের অবস্থান টের পেয়ে নয়ন ও তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি ছোঁড়ে। প্রায় আধাঘণ্টা ধরে চলা গোলাগুলির সময় নয়ন বন্ড ঘটনাস্থলেই নিহত হন। এসময় আহত হন পুলিশের এএসপি শাহজাহান হোসেনসহ ৪ সদস্য। তাদের বরগুনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
২৬ জুন বরগুনা শহরের কলেজ রোড এলাকায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নির সামনেই রিফাত শরীফকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। ওইদিন বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই ঘটনার ভিডিওচিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে প্রতিবাদ-সমালোচনার ঝড় ওঠে।
অনলাইন নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ

























