দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদের ব্যবস্থাপনায় ও দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে তৃণমুল পর্যায় অনুর্ধ্ব-১৬ ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচীর আওতায় দিনাজপুরে ১০ দিন ব্যাপী কাবাডি প্রশিক্ষণ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে।
২২ মে ২০১৯ বুধবার সকালে দিনাজপুর স্পোর্টস ভিলেজে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মাহমুদুল আলম। তিনি তাঁর বক্তব্যে বলেন, কাবাডি খেলা আমাদের জাতীয় খেলা। এই কাবাডি খেলা আমাদের ধারণ করতে হবে। আর এই খেলাকে যদি আমরা ধারণ না করি তাহলে এই খেলা একদিন শুধু প্রবাদে পরিণত হবে। সুতরাং আমাদের স্কুলসহ সকল পর্যায়ে কাবাডি খেলতে হবে। এই প্রশিক্ষণ গ্রহণ করে কাবাডিতে দিনাজপুর জেলা এগিয়ে যাবে। আর সারা বাংলাদেশের বুকে দিনাজপুরের খেলোয়াড়রা দাপিয়ে বেড়াবে।

জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহাফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো.কাজেম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুব্রত মজুমদার ডলার।
জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও কাবাডি উপ কমিটির আহবায়ক মো. কামরুজ্জামান জানান, ১০ দিন ব্যাপী কাবাডি প্রশিক্ষণ ক্যাম্পে মোট ৩০ জন অংশগ্রহণ করেছেন। ১০ দিন পর ১৪ জনকে চুড়ান্ত পর্যায় বাছাই করা হবে। প্রশিক্ষক হিসেবে রয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের জাতীয় প্রশিক্ষক মো. আব্দুল জলিল ও বাংলাদেশ কাবাডি দলের সাবেক অধিনায়ক বিজিবি কোচ মো. জিয়াউর রহমান।
জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জায়েদী পারভেজ অপূর্ব’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক মো. আসলাম হোসেন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক ফাহিমা ইয়াসমিন কলি, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য প্রশান্ত কুমার অরুন, আনিস হোসেন দুলাল, আনোয়ারুল ইসলাম, আসলামুর রহমান মাহবুব, আনোয়ারুল ইসলাম সুমিসহ অন্যান্য কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ প্রমুখ।
রেজাউল করিম রঞ্জু
দিনাজপুর নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














