আবুধাবি ও দুবাইয়ে অনুষ্ঠিত বিশেষ অলিম্পিকে ১৬টি স্বর্ণ পদক জিতেছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত তারা সাতটি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জও জিতেছে।
দৌড়, সাঁতার, টেবিল টেনিস, ব্যাডমিন্টন, হ্যান্ডবল (নারী), হ্যান্ডবল (পুরুষ সমন্বিত), ফুটবল (নারী ও পুরুষ সমন্বিত), ভলিবল ও বাস্কেটবল (সমন্বিত) সহ মোট ১১টি বিভাগে ১৩৯ জন সদস্য বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে।
আট দিনের এই অলিম্পিকে ১৯০টি দেশের মোট ৭ হাজার খেলোয়াড় অংশ নিয়েছে। এর আগে সোমবার বাংলাদেশ ১৩টি স্বর্ণ, ছয়টি রৌপ্য এবং দুটি ব্রোঞ্জ পদক জয় করে। এর মধ্যে সাঁতারে পাঁচটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ, বৌছিতে ৪টি স্বর্ণ, টেবিল টেনিস এবং ব্যাডমিন্টনে দুটি করে স্বর্ণ, দৌড়ে চারটি রৌপ্য এবং বাস্কেটবল খেলায় ১টি ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (২১’শে মার্চ) টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণ শেষে শুক্রবার রাতে বাংলাদেশ দল দেশে ফিরবে।
স্পোর্টস ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














