জিতলেই সেমিফাইনাল, এমন পরিষ্কার সমীকরণ সামনে রেখেই ভুটানের বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারী মেয়েরা জিতেই পৌঁছে গেছে পঞ্চম সাফ নারী চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে।

বৃহস্পতিবার নেপালের বিরাটনগর শহীদ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ ২-০ গোলে ভুটানকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই পূরণ করেছে সেমিফাইনালের লক্ষ্য। বয়সভিত্তিক দল হলে ভুটান হয়তো উড়ে যেতো বাংলাদেশের সামনে; কিন্তু জাতীয় দলের লড়াইয়ে বাংলাদেশের মেয়েরা যে এখনো অনভিজ্ঞ সেটা পরিস্কার ফুটে উঠেছে এই ম্যাচে। এলোমেলো ফুটবল খেলে প্রথমার্ধ পার করে বাংলাদেশ গোলের দেখা পেয়েছে দ্বিতীয়ার্ধে শুরুতে। ৪৭ মিনিটে মনিকা চাকমার কর্নারে গোলমুখে জটলা তৈরি হলে মিশরাত জাহান মৌসুমী প্লেসিংয়ে এগিয়ে দেন দলকে।

আরেকটি সমীকরণ ছিল বাংলাদেশের মেয়েদের সামনে। জয়ের ব্যবধানটা তিন গোলের বেশি হলে বাংলাদেশকে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ ম্যাচে দরকার হতো ড্র; কিন্তু ৮৬ মিনিটে সাবিনার গোলের পর আর প্রতিপক্ষের পোস্ট খুঁজে পায়নি ছোটনের শিষ্যরা।

২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লাল-সবুজ জার্সিধারী মেয়েরা। শামসুন্নাহারের পাস ধরে দুই ডিফেন্ডারকে কাটিয়ে আগুয়ান গোলরক্ষকের পাশ দিয়ে ঠান্ডা মাথায় গোল করেছেন অধিনায়ক।

বাংলাদেশ গ্রুপের শেষ ম্যাচ খেলবে স্বাগতিক নেপালের বিরুদ্ধে। গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে স্বাগতিকদের বিরুদ্ধে জিততেই হবে সাবিনা-মারিয়াদের। নেপালের বিরাটনগরে এ ম্যাচটি ছিল বাংলাদেশ-ভুটানের জন্য দুই রকম গুরুত্বের। জিতলেই সেমিফাইনাল। ড্র করলে বা হারলেও টিকে থাকতো সম্ভাবনা; কিন্তু ভুটানের জন্য ছিল বাঁচা-মরার লড়াই। নেপালের কাছে ৩-০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করায় এ ম্যাচে জয়ের বিকল্প ছিলনা ভুটানি মেয়েদের। তারা হার এড়াতে পারেনি।দুই ম্যাচের দুটিতে হেরে ৬ জাতির এ টুর্নামেন্ট থেকে সবার আগে বিদায় নিয়েছে ভুটান। আর বাংলাদেশের সেমিফাইনালের টিকিট পাওয়ায় নেপালেরও নিশ্চিত হয়ে যায় শেষ চারে খেলা।

দক্ষিণ এশিয়ার নারী ফুটবলে বড় মুখ বাংলাদেশের অধিনায়ক সাবিনা খাতুন। সর্বশেষ আসরে ৭ গোল করা সাবিনা এ নিয়ে খেলছেন পঞ্চম সাফ। গোল করেছেন প্রথম ম্যাচেই। ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেছেন সাবিনা। দুর্দান্ত গোলে নিজের জাতটাও যে চিনিয়েছেন দেশের সবচেয়ে সিনিয়র এই নারী ফুটবলার।

নারী সাফ চ্যাম্পিয়নশিপে ভুটানের বিরুদ্ধে বৃহস্পতিবারের জয়টি বাংলাদেশের টানা তিন। দক্ষিণ এশিয়ার মেয়েদের ফুটবলে সবচেয়ে বড় এ টুর্নামেন্টে আগে দুইবার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ-ভুটান। দুইবারই জয় লাল-সবুজের দেশের। তবে প্রথম আসরের মতো আর গোল বন্যায় ভুটানকে ভাসাতে পারছে না সাবিনারা। ২০১০ সালে কক্সবাজারে সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে গ্রুপ পর্বে ভুটানের বিরুদ্ধে বাংলাদেশের জয় ছিল ৯-০ গোলের। দুই বছর পর কলোম্বয় বাংলাদেশ জিতেছিল কোনোমতে ১-০ ব্যবধান। বৃহস্পতিবারের জয় ২-০ গোলে।

স্পোর্টস ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে