আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতায় হ্যাট্রিক চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল ইসলামী বিশ্ববিদ্যালয়। মঙ্গলবার (৫মার্চ) সকাল ১১ টায় জিমনেশিয়াম গ্রাউন্ডে অনুষ্ঠিত ফাইনালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে (জাবি) ৯০-৫৫ পয়েন্টের ব্যবধানে হারিয়ে টানা তৃতীয়বারের মত চ্যাম্পিয়ন হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্রীড়া কমিটির সভাপতি ও উপ-উপাচার্য ড. মোঃ শাহিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা।
প্রধান অতিথির বক্তব্যে ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন বাস্কেটবল খেলার সাথে জীবনের একটা দৃঢ় সম্পর্ক রয়েছে। প্রতিটি শিক্ষার্থীর জীবনে বাস্কেট বলের মত লক্ষ্য নির্ধারন করতে হবে এবং সেই লক্ষ্যের দিকে আমাদেরকে অগ্রসর হতে হবে। এই শিক্ষাটি যদি আমরা গ্রহন করতে পারি, তাহলে সকলে সফলতা অর্জন করতে পারবো। তিনি আরো বলেন সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদকের কড়া ত্রাস থেকে নিজেদেরকে বাচিয়ে সে গুলো প্রতিহত করে সুন্দর সোনার বাংলা গড়ে তুলতে সকলকে এগিয়ে যেতে হবে। ইসলামী বিশ্ববিদ্যালয় বিজয়ী হওয়ায় অভিনন্দন জানান, এছাড়াও যারা খেলায় অংশ গ্রহন করেছিলো তাদের সকলকে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মাহাবুবুর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া রহমান, প্রক্টর (ভারপ্রাপ্ত) সহযোগী অধ্যাপক ড. আনিসুর রহমান, রেজিস্টার( ভারপ্রাপ্ত) এস এম আবদুল লতিফ, ক্রীয়া বিভাগের পরিচালক ড. মো: সোহেল প্রমুখ।বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগ সূত্রে জানা যায়, গত ১ মার্চ থেকে আন্ত:বিশ্ববিদ্যালয় বাস্কেটবল প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় ৭ টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করে। তৃতীয় স্থান অর্জন করে ঢাকা বিশ্ববিদ্যালয়।
প্রিতম মজুমদার
ইসলামী বিশ্ববিদ্যালয়।। বিডি টাইম্স নিউজ














