বিপিএল ক্রিকেটের এবারের আসরের ফাইনাল নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরে সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে তারা ৮উইকেটে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সকে। টস জিতে ব্যাট করতে নেমে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর। জবাবে দুই উইকেট হারিয়ে সাত বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছায় কুমিল্লা ।

জিতলে বিপিএল ক্রিকেটের ষষ্ঠ আসরের ফাইনাল নিশ্চিত, আর হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে ঢাকা ডায়নামাইটসের। এমন সমীকরণ নিয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হয় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
টস জিতে ব্যাট করতে নেমে ৩৪ রানের মধ্যেই দুই উইকেট হারায় রংপুর। তবে ভরসা হিসেবে ছিলেন ক্রিস গেইল। ব্যক্তিগত ৪৬ রান করে তিনি আউট হলে দলের স্কোর দাঁড়ায় তিন উইকেটে ৬৭ রান। এরপর দ্রুতই ফিরে যান রবি বোপারা। তবে পঞ্চম উইকেটে ৬৬ রান যোগ করে পরিস্থিতি সামাল দেন রাইলি রুশো ও বেন হাওয়েল। রুশো ৪৪ রানের ইনিংস খেলে ফিরে গেলেও পাঁচ ছক্কা ও তিন চারে ২৮ বলে ৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলে বেন হাওয়েল অপরাজিত থাকেন। শেষ পর্যন্ত পাঁচ উইকেটে ১৬৫ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।
জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই সাবলিলভাবে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তামিম ইকবাল ও এভিন লুইস। দলীয় ৩৫ রানে তামিমকে ফিরিয়ে দেন রংপুরের অধিনায়ক মাশরাফি।
তবে এনামুলকে সাথে নিয়ে দলকে জয়ের পথে রাখেন লুইস। দ্বিতীয় উইকেটে ৯০ রানের পার্টনারশিপ গড়েন তারা। দলীয় ১২৫ রানে এনামুলকে ফিরিয়ে রংপুরকে দ্বিতীয় সাফল্য এনে দেন সাফিউল। তাতে ম্যাচের চিত্র বদলায়নি। মাঠে নেমে হাত খুলে খেলতে থাকেন শামসুর রহমান। লুইস ৭১ ও শামসুর রহমান ৩৪ রানে অপরাজিত থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে পৌঁছে দেন জয়ের বন্দরে।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ














