বেগম খালেদা জিয়াকে গ্রেপ্তারের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করে বিএনপি নেতারা বলেছেন, তাকে গ্রেপ্তার করা হলে পরিণতি ভয়াবহ হবে।
সব অন্যায়েরই প্রকৃতিগত প্রতিশোধ অবধারিত বলে মন্তব্য করে তারা বলেন, আজ যারা বিরোধীদের জেলখানায় ভরছে সময়ের ব্যবধানে তাদেরকেও সেখানেই যেতে হবে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে মহানগর বিএনপি’র এক যৌথসভায় তারা এসব মন্তব্য করেন।বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘কারাগারগুলো ভরাবেন তো। আপনারাও প্রস্তুতি নিতে থাকেন। কারণ ঐতিহাসিক প্রতিশোধ বলে একটা কথা আছে।’বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আপনারা প্রস্তুত হন। যাকে হারালে আমরা বাঁচবো না। যাকে ছাড়া আমাদের দল চলবে না। তাকে আমরা জেলে নিতে দেবো কেন।’
একই অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নগর বিএনপির আহ্বায়ক মির্জা আব্বাস বলেন, খালেদা জিয়ার গ্রেফতার দেশের মানুষ ভালোভাবে নেবে না। ক্ষমতাসীন সরকারের উচিত দেশের জনগণের সঙ্গে ভালো ব্যবহার করা এবং খালেদা জিয়ার সঙ্গে আলাপ-আলোচনা করা। দমন নিপীড়ন করে পৃথিবীর কোনো শাসক ক্ষমতায় থাকতে পারেনি, আওয়ামী লীগ সরকারও পারবে না।তিনি বলেন, আওয়ামী লীগ যদি মনে করে থাকেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে গ্রেফতার করা হলে দেশে শান্তি আসবে তাহলে তারা বোকার স্বর্গে বসবাস করছেন।
তিনি বলেন, এক এগারোর আগে ও পরের মতো এখন আবারো বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কোনো একটি স্বার্থান্বেষী মহল সেই ষড়যন্ত্রের ক্ষেত্র তৈরি করছেন। যার একটি ছায়া মহানগর বিএনপিতেও পড়তে দেখা যাচ্ছে। তাই লেগে থাকার জন্য নয়, যারা দলের প্রতি আন্তরিক তারাই আগামী দিনের কর্মসূচি অংশ নেবেন। একটি কথা মনে রাখবেন দুষ্ট গরুর চেয়ে শুন্য ঘোয়াল অনেক ভালো।
অনলাইন ডেস্ক , বিডি টাইমস নিউজ ।



























