এসএসসি পরীক্ষায় অনিয়ম ধরা পড়লে সরকারি শিক্ষক সাময়িক বরখাস্ত ও বেসরকারি শিক্ষকদের এমপিও বাতিল করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি। বৃহস্পতিবার বিকেলে, সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এসএসসি পরীক্ষায় যদি কোন প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের শিক্ষক বা সংশ্লিষ্ট কেউ কোন ধরণের অনিয়মের সঙ্গে জড়িত থাকে,তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আমরা আশা করছি এ বছর আর কোন প্রশ্ন ফাঁসের ঘটনা ঘটবে না, তবে প্রশ্ন ফাঁস নিয়ে গুজব ছড়াতে পারে। এ বিষয়ে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সজাগ থাকতে হবে।’

আগামী শনিবার থেকে ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ লাখ ৩ হাজার ৪৩৪ জন। ২০১৯ সালে আটটি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় মোট ২১ লাখ ৩৫ হাজার ৩৩৩ পরীক্ষার্থী অংশ নেবে। গতবার এই সংখ্যা ছিলো ২০ লাখ ৩১ হাজার ৮৯৯ ।

এছাড়া, এবারের পরীক্ষায় মোট ২৮ হাজার ৬৮২টি প্রতিষ্ঠান এবং মোট কেন্দ্রের সংখ্যা ৩ হাজার ৪৯৭। বিদেশেও আটটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে