সাকিব আল হাসান অংশগ্রহন করেছেন বিদেশের অনেক ক্রিকেট প্রতিযোগিতায় । ওয়েস্ট ইন্ডিজ সহ অন্যান্য দেশের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় অংশ নেওয়া সাকিব যেন ‘ক্রিকেটীয় পর্যটক’। তবে এবারের ক্যারিবীয় সফর নিয়ে একটু বেশিই রোমাঞ্চিত তিনি।
সিপিএল নামে পরিচিত ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে সাকিব খেলবেন জ্যামাইকা তালাওয়াসের হয়ে। এখন তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া প্রতিযোগিতার চতুর্থ আসরের জন্য। কারণটা শোনা যাক বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের মুখে, ‘আমার স্ত্রী চায় আমি যেন সিপিএলে খেলি। আমরা ক্যারিবিয়ানের সব দ্বীপ ঘুরে বেড়াতে চাই। দ্বীপগুলো দারুণ সুন্দর। আমি তো এই প্রতিযোগিতার দিকে সাগ্রহে তাকিয়ে আছি।’
সাকিব-গেইল ছাড়া কুমার সাঙ্গাকারা, ডেল স্টেইন, আন্দ্রে রাসেলের মতো তারকাদের নিয়ে শক্তিশালী দল গড়েছে জ্যামাইকা তালাওয়াস। এই দল নিয়ে অনেক দূর যাওয়ার ব্যাপারে আশাবাদী সাকিব, ‘আমার মনে হচ্ছে আমাদের দলটা খুবই ভালো। আমাদের সবাইকে শুধু একসঙ্গে পারফর্ম করে, দল হিসেবে খেলে ম্যাচ জিততে হবে।’
তারকাবহুল দলে সাকিব একদিক দিয়ে অনেকের চেয়ে এগিয়ে। জ্যামাইকায় তিনি হতে যাচ্ছেন তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়।
অনলাইন ডেস্ক , বিডি টাইমস নিউজ ।



























