চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা থেকে ৩০ কেজি স্বর্ণের বারসহ আনোয়ারুল ইসলাম (৩৪) নামের এক চোরাচালানিকে আটক করেছে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী পারকৃষ্ণপুর মদনা গ্রামের রাস্তা থেকে তাকে আটক করে তার মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে এ চালান জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের চালান ভারতে পাচার করা হচ্ছিলো বলে জানিয়েছে বিজিবি।আটক আনোয়ারুল ইসলাম (৩৪) জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মৃগমারী গ্রামের মুনসুর আলীর ছেলে।

বিজিবি জানায়, চুয়াডাঙ্গা থেকে সোনার একটি চালান ভারতে পাচার করা হবে গোপন সংবাদে এমন তথ্য পায় বিজিবি। এর ভিত্তিতে শুক্রবার ভোর থেকেই বিজিবির একটি দল উপজেলার ভারত সীমান্তবর্তী পারকৃষ্ণপুর মদনা গ্রামে অবস্থান নেয়।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক ইমাম হাসান বলেন, শুক্রবার বেলা ১২টার দিকে ওই এলাকা অতিক্রম করার সময় একটি মোটরসাইকেলযোগে পাচারকারী আনোয়ারুলকে আটক করে বিজিবি। পরে তার মোটরসাইকেলের সিটের ভেতরে তল্লাশি করে উদ্ধার করা হয় ২৬০টি স্বর্ণের বার।

জব্দকৃত ২৬০টি স্বর্ণের বারের ওজন ৩০ কেজি এবং আনুমানিক বাজার মূল্য ১৪ কোটি টাকা বলে জানান তিনি।

এসএম শাফায়েত
নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে