নয়াপল্টনে শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগকর্মীরা হেলমেট পরে হামলা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৪ নভেম্বর) রাত ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
সরকার পুলিশকে দিয়ে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে আসা দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল। তিনি বলেন, সম্পূর্ণ বিনা উস্কানিতে মিছিলের মধ্যে ঢুকে পুলিশ হামলা করেছে। একইসঙ্গে শিশুদের নিরাপদ সড়কের আন্দোলন বানচালকারী ছাত্রলীগের হেলমেট বাহিনী এসে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে, আগুন দিয়েছে।
তিনি অভিযোগ করেন, রাতে যারা বিএনপি অফিস থেকে বেরিয়েছে তাদের ৭০ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বগুড়ার সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু, গাইবান্ধা জেলার সাবেক সভাপতি আনিুজ্জামান, খুলনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আমীর এজাজ খান রেয়েছেন।
ফখরুল অবিলম্বে গ্রেফতার নেতা-কর্মীদের মুক্তি দাবি করেন। তিনি বলেন, অন্যথায় নির্বাচনে থাকার বিষয়টি পুনর্বিবেচনা করতে বাধ্য হবে বিএনপি।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























