কুমিল্লার চৌদ্দগ্রামে নৈশকোচে পেট্রল বোমা মেরে ৮জন পুড়িয়ে হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন পরবর্তী শুনানি ২৫ নভেম্বর ধার্য করেছে আদালত। খালেদা জিয়ার আইনজীবী কাইমুল হক রিংকু এই তথ্য নিশ্চিত করেছেন।
রোববার দুপুরে কুমিল্লা অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আবদুর রহিম এর আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়। এই মামলায় রাষ্ট্রপক্ষ অতিরিক্ত সময় আবেদন করে। দুপুরে উভয় পক্ষের আইজীবীদের বক্তব্য শেষে বিকেলে শুনানীর আদেশ দেন বিজ্ঞ বিচারক।
উল্লেখ, বিএনপি জামায়াতের ডাকা অবরোধকালীন সময়ে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার চৌদ্দগ্রামের জগমোহনপুরে ঢাকাগামী আইকন পরিবহনের একটি বাসে পেট্রল বোমা ছুড়ে মারে দুর্বত্তরা। এতে ৮ যাত্রী পুড়ে মারা যায়। এই ঘটনায় করা হত্যা মামলায় খালেদা জিয়াকে হুকুমের আসামী দেখানো হয়েছে।
তারিকুল ইসলাম শিবলী,
কুমিল্লা নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























