ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার প্রথম দিনে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ (৪ নভেম্বর) দিনের প্রথম শিফটে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘এ’ ইউনিটের এবং বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা, দুপুর ২টা থেকে বিকাল ৩টা এবং বিকাল ৪টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তিন শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় উপস্থিতি ছিল প্রায় শতভাগ। দেশের দূরবর্তী জেলাগুলো থেকে ব্যাপক সংখ্যক পরিক্ষার্থীর এ ভর্তিযুদ্ধে অংশগ্রহণ ছিলো চোখে পড়ার মতো।

পরীক্ষা-ব্যবস্থাপনা ও আইন-শৃংখলা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের জন্য উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী প্রত্যেক শিফটেই বিভিন্ন পরীক্ষাহল পরিদর্শন করেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, ‘এ’ ইউনিট সমন্বয়কারী ও থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর ড. আ. ফ. ম. আকবর হোসাইন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নেছার উদ্দিন আহমদ, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. অরবিন্দ সাহা, প্রক্টর প্রফেসর ড. মোঃ মাহবুবর রহমান প্রমুখ।
এদিকে শৃংখলারক্ষা এবং প্রক্সি ও জালিয়াতিমুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠানের জন্য প্রক্টরিয়াল বডির নেতৃত্বে ক্যাম্পাসে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ক্যাম্পাসে প্রচুর সংখ্যক পুলিশসহ সাদা পোষাকে নিরাপত্তাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। বিএনসিসি ও রোভার স্কাউটস সদস্যরা পরীক্ষার হলসমূহে শৃংখলা রক্ষায় কাজ করছে। পরীক্ষার হলে ক্যালকুলেটর, মোবাইল, হেড ফোনসহ সকল প্রকার ইলেক্ট্রনিক যন্ত্র বহন ও ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। কেউ যেন ডিভাইস নিয়ে প্রবেশ করতে না পারে সেজন্য বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বারে আর্চওয়ে গেট স্থাপন করা হয়েছে এবং প্রতিটি পরীক্ষাহলের প্রবেশদ্বারে অত্যাধুনিক মেটাল ডিটেক্টর দিয়ে দেহ তল্লাশি করা হচ্ছে। ভ্রাম্যমান আদালত টিম ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশপাশের এলাকা সার্বক্ষণিক নজরদারিতে রেখেছেন। ক্যাম্পাসের একাডেমিক ও প্রশাসনিক ভবনসমূহ সিসি ক্যামেরায় পর্যবেক্ষণ করা হচ্ছে। দেশের বিভিন্ন স্থান থেকে আগত পরীক্ষার্থী এবং তাদের অভিভাকদের মোবাইল ফোন, ব্যাগসহ বিভিন্ন জিনিসপত্র রাখার জন্য প্রবেশপথের সামনের চত্বরে রয়েছে বিএনসিসি এবং রোভার স্কাউটস-এর চারটি হেল্প ডেস্ক। এছাড়াও মূল প্রবেশদ্বার থেকে পরীক্ষার্থী ছাত্র-ছাত্রীদের জন্য মাইকে প্রয়োজনীয় তথ্যসহ বিভিন্ন নির্দেশনা প্রচার করা হচ্ছে।

আগামীকাল (৫ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘ডি’ ইউনিটের রোল নম্বর ০০০০১ থেকে ০৭১৫৫ পর্যন্ত পরীক্ষার্থীদের বেলা ১১টা ৩০মিনিট থেকে দুপুর ১২ টা ৩০মিনিট পর্যন্ত, রোল নম্বর ০৭১৫৬ থেকে ১৪৩১০ পর্যন্ত পরীক্ষার্থীদের দুপুর ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এবং রোল নম্বর ১৪৩১১ থেকে অবশিষ্টদের পরীক্ষা বিকাল ৪টা থেকে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক ।। বিডি টাইমস নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে