ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জেএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন দিচ্ছে কয়েকটি চক্র। এরইমধ্যে শিক্ষা বোর্ডের নজরেও এসছে বিষয়টি। এ ঘটনায় দেড়শ ফেইসবুক আইডিও চিহ্নিত করেছে শিক্ষা বোর্ড। তবে প্রশ্নফাঁসের বিজ্ঞাপন এখনও বন্ধ হয়নি।
জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু বৃহস্পতিবার। অথচ ফেইসবুকে এরইমধ্যে কয়েকটি পেইজ থেকে প্রশ্ন বিক্রির বিজ্ঞাপন দেয়া হচ্ছে। পিইসি, জেএসসি, এসএসসি, এইচএসসি কোয়েশ্চেন নামের এই পেইজ থেকে এই প্রশ্নফাঁস বিজ্ঞাপন দেয়া হচ্ছে। সেখানে বলা হচ্ছে, টাকা পাঠালেই পরীক্ষার আগে প্রশ্ন দেয়া হবে। এর আগেও এরকম বেশ কয়েকটি ফেইসবুক পেইজে বিজ্ঞাপন দিয়ে প্রশ্নফাঁস করা হয়।
শিক্ষা বোর্ড অবশ্য জোরালোভাবেই বলছে, এবার প্রশ্নফাঁসের কোন সুযোগ নেই। যারা বিজ্ঞাপন দিচ্ছে তারা প্রতারণা করতেই এমনটি করছে বলেও দাবি বোর্ড কর্মকর্তাদের। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, প্রতিবছর কয়েকটি চক্র এ ধরনের বেআইনি কাজে জড়িত থাকলেও তাদের পুরোপুরি দমন করা যাচ্ছে না সমন্বয়হীনতার কারণে।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বছর ডিজিটাল নজরদারির জন্য বেশ কয়েকটি দল কাজ করছে। এরইমধ্যে বেশকিছু ফেইসবুক আইডিও চিহ্নিত করা হয়েছে। এবার পরীক্ষার হলের ২০০ গজের মধ্যে কেউ মোবাইল ফোন সেট ব্যবহার করতে পারবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ


























