স্বপ্নের মত ইনিংস সৌম্য সরকার এবং ইমরুল কায়েসের। প্রথম বলেই এলবিডব্লিউতে লিটন দাসের ফেরার পর জিম্বাবুয়ে কি ভুলেও ভেবেছিল এমনটা হতে পারে? যে কোন উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২২০ রান তুললেন চোখের পলকেই। সৌম্য-ইমরুলের জোড়া সেঞ্চুরিতে অনায়াসেই জিম্বাবুয়েকে হারালো বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটের জয়ে আবারো জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করলো টাইগাররা। ইমরুলের ১১৫ আর সৌম্যের ১১৭তে পেড়িয়েছে ২৮৭ রানের টার্গেট। ম্যাচ সেরা সৌম্য আর পুরো সিরিজে ৩৪৯ রান করা ইমরুল হয়েছে সিরিজ সেরা।

যে বীজটা বুনে দিয়েছিলেন সৌম্য-ইমরুল, সেটাতে ফিনিশিং দিলেন মুশফিকুর রহিম। তাতেই জিম্বাবুয়েকে আরেকবার হোয়াইটওয়াশের গর্ব বাংলাদেশের। আর এই এক ম্যাচেই যেন রেকর্ড গড়তে আর ভাঙতে মরিয়া মাশরাফীরা। লিটন আউটের পর ইনিংসের দ্বিতীয় বলেই ইমরুলকে সঙ্গ দিতে নামেন সৌম্য। দুজনেই রান তুলতে থাকেন ঝড়ের গতিতে। গারাভা, তিরিপানো, রাজাদের বল পাঠাতে থাকেন বাউন্ডারের বাইরে। ফিফটি তুলতে ইমরুল খেলেন ৪১ বল, সৌম্যের লাগে ৫৪। এরপর আরো বিধ্বংসী দুই বাহাতি। পরের ৫০ রান তুলতে সৌম্য খেলেন মাত্র ২৭ বল। ক্যারিয়ারের ২য় সেঞ্চুরি তোলেন সাগরিকায়। আরো বড় হতে পারতো ইনিংস। ১১৭ রানে তাকে থামিয়ে দেন মাসাকাদজা।

সৌম্যের মারা বলে হাতে ভালই ব্যথা পেয়েছিলেন ইমরুল, নিজের রান তখন ৭০। তারপরও যেভাবে খেলে গেলেন তাতে প্রশংসা কুড়াবেন সবারই। তিনম্যাচ সিরিজে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রান করার রেকর্ডও গড়ে ফেলেছেন। ৯৯ বলে সেঞ্চুরি তুলে সাগরিকায় নিজেকেই যেন ইতিহাস করে রাখলেন ইমরুল কায়েস সাগর। টস জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠাবেন মাশরাফী, সেটা অনুমিতই ছিল। ৬ রানে দুই উইকেট তুলে নিয়ে পরিকল্পনা ঠিকভাবেই এগিয়ে নিচ্ছিলেন ক্যাপ্টেন ম্যাশ। বাধ সাধলেন ব্র্যান্ডন টেইলর ও শন উইলিয়ামস। দুজনের ১৩২ রানের জুটি খাদের কিনারা থেকে তুলে নিয়ে আসে দলকে। ফিফটি তুলে নেন দুজনেই।

৭৫ রানে টেইলরকে ফেরান অপু। তবে, উইলিয়ামস থেমে থাকেন নি। সিকান্দার রাজার সাথে ৮৪ আর পিটার মুরের সাথে ৬২ রানের পার্টনারশিপ গড়ে দলকে পৌঁছে দেন বড় স্কোরে। এর ফাকে তুলে নেন নিজের দ্বিতীয় সেঞ্চুরি। ৫ উইকেটে ২৮৬ রান করে জিম্বাবুয়ে। ১২৯ রানে অপরাজিত থাকেন উইলিয়ামস। পুরো সিরিজে ৩৪৯ রান কোরে সিরিজ সেরা ইমরুল, ১১৭ রানের ইনিংসে ম্যাচ সেরা সৌম্য।

নিউজ ডেস্ক ।। বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে