কুমিল্লার চৌদ্দগ্রামে নৈশকোচে পেট্রোল বোমা মেরে ৮জন যাত্রী পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জামিন শুনানী ১১ নভেম্বর দিন ধার্য্য করেছে আদালত।সোমবার দুপুরে জামিন আবেদন দাখিল করার পর বিকালে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম শামছুল আলম এ আদেশ দেন।
এর আগে এই মামলায় গত ৩ অক্টোবর ৫নং আমলী আদালতের জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট বিপ্লব দেনাথ জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন খালেদা জিয়ার আইনজীবী অ্যাড. কাইমুল হক রিংকু।উল্লেখ্য, বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোর রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী আইকন পরিবহনের একটি নৈশ কোচ চৌদ্দগ্রামের জগমোহনপুর নামক স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে।
এতে আগুনে পুড়ে ঘটনাস্থলে ৭জন ও হাসপাতালে নেয়ার পর ১জনসহ মোট ৮ ঘুমন্ত যাত্রী মারা যায়। ওই ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান হাওলাদার বাদী হয়ে পরদিন ৩ ফেব্রুয়ারি রাতে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক ২টি মামলা দায়ের করেন। এ দুটি মামলায় ২ বছর ১ মাস তদন্ত ও পুলিশসহ ৬২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহিম গত বছরের ৬ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন।
তারিকুল ইসলাম শিবলী
কুমিল্লা ।। বিডি টাইম্স নিউজ























