মেয়েদের ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে, এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের বাছাই পর্বে ভিয়েতনামকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলার মেয়েরা। গত মাসে তাদের এমন সাফল্যের পর আজ গণভবনে মারিয়া মান্ডাদের সংবর্ধনার আয়োজন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের মেয়েদের প্রশংসায় ভাসিয়েছেন প্রধানমন্ত্রী।চ্যাম্পিয়ন এই কিশোরীদের এবং কর্মকর্তাদের বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে সংবর্ধনা দেন। সংবর্ধনা অনুষ্ঠানে ফুটবল দলের প্রত্যেক খেলোয়াড়কে ১০ লাখ টাকা এবং প্রত্যেক কর্মকর্তাকে ৫ লাখ টাকার চেক প্রদান করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি অন্যান্য উপহার সামগ্রী দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবং বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী এমপি। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
অনূর্ধ্ব-১৬ ফুটবল দলের মেয়েদের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, খুব সাহসী ভূমিকা রেখেছে সবাই। খেলার পারফরম্যান্সও খুব ভালো। আমি চাই খেলাধুলা, সংস্কৃতি চর্চা সবদিক থেকেই আমাদের দেশের ছেলে-মেয়েরা আরো উন্নত হোক, খেলাধুলা ও সংস্কৃতি চর্চা ছেলেমেয়েদের শরীর ও মানসিক গঠনে বিরাট ভূমিকা রাখে। পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা ছেলেমেয়েদের শৃঙ্খলাপূর্ণ জীবনযাপনে অভ্যস্ত হতে শিখায়।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ



























