ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে শত বিরোধ থাকবে কিন্তু এ কারণে বিরোধী দলকে নেতৃত্বশূন্য করার প্রয়াস কাম্য নয় বলে পর্যবেক্ষণ দিয়েছে আদালত। গণতান্ত্রিক রাষ্ট্রে ক্ষমতায় যে দলই থাকুক বিরোধী দলের প্রতি উদার নীতি নিতে হবে বলে পর্যবেক্ষণ দিয়েছেন বিশেষ জজ আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের সময় তিনি এ পর্যবেক্ষণ দেন।

বেলা সাড়ে এগারটা থেকে প্রায় ঘন্টাব্যাপী সংক্ষিপ্ত রায় ঘোষণা করেন আদালত। পর্যবেক্ষণে আদালত বলেন, ৭১ এর পরাজিত শক্তি স্বাধীনতা, মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যাহত করার অপচেষ্টা চালাতে থাকে। পরাজিত শক্তি ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে ও জাতীয় চার নেতাকেও হত্যা করে। এর ধারাবাহিকতায় ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ ঘটানো হয়।
রায়ের পর্যবেক্ষণে বলা হয়, বিরোধী দলকে নেতৃত্বশূন্য করার ঘৃণ্য প্রয়াসেই ২১ আগস্ট হামলা চালানো হয়েছে। বিরোধী দলীয় নেতৃত্বকে হত্যা করে রাজনৈতিক ফায়দা অর্জনে গণতান্ত্রিক চিন্তার বহিঃপ্রকাশ ঘটে না বলেও অভিমত আদালতের। এতে বলা হয়, সভা-সমাবেশে গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে রাজনৈতিক নেতা ও সাধারণ মানুষকে হত্যার ধারা চালু থাকলে জনগণ সেই রাজনীতি বিমুখ হয়ে যাবে। হামলার জন্য দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা রোধ করা সম্ভব বলে অভিমত দেন বিশেষ জজ আদালতের বিচারক শাহেদ নূর উদ্দিন।
নিউজ ডেস্ক ।। বিডি টাইম্স নিউজ























