আগামীতে আধুনিক যন্ত্রপাতি দিয়ে শহর পরিচ্ছন্ন রাখার ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে গণভবনে ভিডিও কনফারেন্সে কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করে এ নির্দেশ দেন তিনি। কোনো মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয় করা হবে না জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সরকার আলাদাভাবে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবে।

হরিজন সম্প্রদায়ের পরিচ্ছন্ন কর্মীদের জন্য রাজধানীর দয়াগঞ্জ ও ধলপুরে ২টি করে ৪টি ভবনে ৩৪৫টি ফ্ল্যাটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ প্রকল্পের আওতায় রাজধানীতে পরিচ্ছন্ন কর্মীদের আবাসন হিসেবে ব্যবহৃত ১২টি ৪ তলা ভবন ভেঙে ১৩টি ১০ তলা ভবনে সাড়ে এগারোশো ফ্ল্যাট নির্মাণ করা হচ্ছে। খরচ হচ্ছে প্রায় ২০০ কোটি টাকা। আধুনিক লিফট ও জেনারেটর সুবিধাসহ নির্মাণ শেষ হওয়া ৪টি ভবনের ফ্ল্যাট পরিচ্ছন্ন কর্মীদের ৩৪৫টি পরিবারের হাতে হস্তান্তর করা হয়।

ভিডিও কনফারেন্সে হরিজন সম্প্রদায় কৃতজ্ঞতা জানান প্রধানমন্ত্রীর প্রতি। প্রত্যেক জেলা-উপজেলায় পরিচ্ছন্ন কর্মীদের স্থায়ী নিবাস প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। বলেন, পরিচ্ছন্নকর্মীদের ভবিষ্যতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ নেবে সরকার। এরআগে ভিডিও কনফারেন্সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের সুবর্ণ জয়ন্তীর কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। চিকিৎসক সংকট ও আবাসন সমস্যা সমাধানেরও আশ্বাস দেন তিনি।

প্রধানমন্ত্রী জানান, বরিশালের দ্বীপাঞ্চলে দ্বিতীয় পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। সেই সাথে পদ্মা সেতু থেকে বরিশাল পর্যন্ত রেল লাইনের পরিকল্পনাও জানান বঙ্গবন্ধু কন্যা।

নিউজ ডেস্ক, বিডি টাইম্‌স নিউজ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে