বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকার, নির্বাচনের আগে মন্ত্রিসভার পুনর্গঠন হবে মাত্র, এমনটি জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। রবিবার দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। নির্বাচনকালীন সরকার এ মাসে হতেও পারে আবার নাও হতে পারে বলে জানান বাণিজ্যমন্ত্রী।
নিজ কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত জোয়াও তাবাজারা ডি অলিভেরিয়া জুনিয়রের সঙ্গে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। তোফায়েল আহমেদ বলেন, ‘সংবিধানে এমন কোনও কথা নেই যে, মন্ত্রিসভার রদবদল করতে হবে। প্রধানমন্ত্রী একটি মন্ত্রীসভা পুনর্গঠন করেছিলেন। সেরকমই হবে, এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার।’ তিনি আরও বলেন, ‘নির্বাচনকে কেন্দ্র করে গড়া মন্ত্রিসভায় শরিক দলগুলোর প্রতিনিধিত্ব থাকবে। তাদের নেতারাও বড় নেতা। দল হিসেবেও তারা সরকারের জোটের অংশ। সেক্ষেত্রে কাকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেবেন, কাকে রাখবেন, কাকে বাদ দেবেন তাও তিনিই ঠিক করবেন।’ তিনি জানান, ‘নির্বাচনকালীন সরকার প্রধানমন্ত্রী ৩০জন সদস্য নিয়ে গঠন করতে পারেন। তবে এ বিষয়ে সব প্রশ্নের উত্তর তাঁর কাছে। আমরা কিছু বলতে পারবো না।’ তিনি আরও বলেন, ‘সময় মতো নির্বাচন অনুষ্ঠিত হবে। কে এলো, কে এলো না সেই অপেক্ষা করা হবে না।’
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ























