পানাম পেপার্স কেলেঙ্কারিতে নাম আসা চারজনকে আগামী ১৬ই জুলাই ও প্যারাডাইস পেপার্সে নাম থাকা তিন জনকে ১৭ই জুলাই দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলেছেন দুদকের উপ-পরিচালক এসএম আখতার হামিদ ভূঁইয়া।
ইউনাইটেড গ্রুপের পরিচালক হাসান মাহমুদ রাজা, খন্দকার মঈনুল আহসান, আহমেদ ইসমাইল হোসেন ও আখতার মাহমুদকে ১৬ জুলাই দুদকে জিজ্ঞাসাবাদে হাজির হতে তলবি নোটিশ পাঠানো হয়। এছাড়া প্যারাডাইস পেপার্সে নাম থাকা উইং লিমিটেডের পরিচালক এরিক জনসন আন্দ্রেস, ইন্ট্রিডিপ গ্রুপের ফারহানা ইয়াকুবুর রহমান ও ফেলকন শিপিংয়ের মাহতাব রহমানকে ১৭ জুলাই জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। বিশ্বে আলোড়ন তোলা পানামা পেপার্স ও প্যারাডাইস পেপার্সে যেসব বাংলাদেশির নাম এসেছে, তাদের অবৈধ সম্পদের বিষয়ে গত বছরের ৩০শে জুন অনুসন্ধান শুরু করে দুদক। পানামার একটি আইনি পরামর্শক প্রতিষ্ঠানের ১ কোটি ১৫ লাখ গোপন নথি ফাঁস হয় ২০১৬ সালের ৪ঠা এপ্রিল। ফাঁস হওয়া নথিতে সারা বিশ্বের ক্ষমতাধর রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি জনপ্রিয় খেলোয়াড়, চলচ্চিত্র অঙ্গনের অভিনেতা ও অভিনেত্রীদের নামও পাওয়া যায়।
কর ফাঁকি ও অর্থ পাচার সংক্রান্ত কেলেঙ্কারিতে পানামা পেপার্সে ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ মোট ৩৪ জনের নাম উঠে এসেছে ফাঁস হওয়া তথ্যে। পানামা পেপার্সে বাংলাদেশি নাগরিকদের নাম আসার খবর বিভিন্ন গণমধ্যমে প্রকাশিত হবার পর ২০১৬ সালের ৭ই এপ্রিল দুদকের উপপরিচালক এসএম আখতার হামিদ ভূঁইয়ার নেতৃত্বে তিন সদস্যের অনুসন্ধানি কমিটি গঠন করে দুদক। অন্যদিকে ২০১৭ সালের নভেম্বরে প্যারাডাইস পেপার্সের প্রায় ২৫ হাজার গোপন নথি ফাঁস হয়। সেখানেও বিশ্বের ক্ষমতাধর অনেক ব্যক্তির গোপন তথ্য ফাঁস হয়।
নিউজ ডেস্ক, বিডি টাইম্স নিউজ























