আহসান হাবিব, তেতুলিয়া(পঞ্চগড়)প্রতিনিধি।। পিলখানায় বিডিয়ার বিদ্রোহের হত্যাকান্ড ঘটনার ১৫ বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি পুরোপুরি বিচারের কার্যক্রম। এ ঘটনায় পঞ্চগড়ের বিডিয়ারে থাকা পাঁচজন বর্তমানে রাজধানী ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন বলে জানিয়েছেন তাদের পরিবার। দুটি মামলার নিষ্পত্তি হলেও নিস্পত্তি হয়নি বিস্ফোরক মামলার বিচার। এতে করে দীর্ঘ ১৫ বছর ধরে কারাগারে আটকে থাকায় ৫ বিডিআর সদস্যের পরিবার মানবেতর জীবন যাপন করছেন। তাই এ ঘটনায় মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি ) দুপুরে মামলার নিষ্পত্তি চেয়ে ৫টি পরিবার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেছেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল কাদের এ স্মারকলিপি গ্রহণ করে তা যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠাবেন বলে জানান।
স্বারকলিপিতে পরিবারগুলো জানান, ২০০৯ সালের ২৫ ফেব্রæয়ারি পিলখানায় বিডিআর সদর দপ্তরে সংঘটিত হত্যাকান্ডের ঘটনায় হত্যা মামলায় কেউ খালাস পেয়েছে। আবার অনেকে হত্যা মামলায় ফৌজদারি আইনে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ শেষ করেছে। দীর্ঘ ১৫ বছর যাবত বিস্ফোরক দ্রব্য মামলাটি নিষ্পতি না হওয়ায় ও সাংবিধানিক অধিকার থাকা সত্তে¡ও জামিন না পাওয়ায় পরিবারগুলোর উপার্জন করা ব্যক্তিদের হারিয়ে অসহায় জীবনযাপন করছেন এই পরিবারগুলো।
জানা যায়, পিলখানার ঘটনায় হত্যা মামলাটির ২ বছর ১১ মাসে সকল আইনি প্রক্রিয়া শেষ করে রায় প্রদান করা হয়। কিন্তু বিস্ফোরক মামলাটি ১৫ বছরের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য নিম্ন আদালতে আবেদন করলেও কোন অগ্রগতি না পেয়ে হতাশায় ভুগছেন এ পরিবারগুলো। আর্থিক সংকটের কারণে মামলাটি উচ্চ আদালতে পরিচালনা করতে না পেরে সরকারের সুদৃষ্টি কামনা করতে মামলাটির দ্রত নিষ্পত্তি ও রায় চেয়ে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করলেন তারা। ২০০৯ সালের পিলখানার হত্যাকান্ডের ঘটনার মামলায় বর্তমানে ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে রয়েছেন পঞ্চগড় জেলার ৫ বিডিআর সদস্য। তারা হলেন, তেঁতুলিয়া উপজেলার হাওয়াজোত সিপাইপাড়ার মৃত আসির উদ্দীনের ছেলে সদস্য বাবুল হোসেন, একই উপজেলার মাঝিপাড়া লোহাকাচীর সফিউল ইসলামের ছেলে সদস্য হাসিনুর রহমান, পঞ্চগড় সদরের কাগোজিয়া পাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে সুবেদার সপিজ উদ্দীন, জেলার দেবীগঞ্জ উপজেলার বেংহাড়ি কালিগঞ্জ গ্রামের আব্দুস সাত্তারের ছেলে বিডিআর সদস্য আরিফুল ইসলাম ও বোদা উপজেলার বোস পাড়া গ্রামের মৃত মনসুর আলীর ছেলে সদস্য আফ্তাবুর রহমান।





























